মহাকাশ প্রযুক্তি বদলে দিতে পারে পৃথিবীর ভবিষ্যৎ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রযুক্তি ডেস্ক : সাধারণ অর্থে আমরা সবাই বুঝি- মহাকাশ গবেষণা বলতে শুধু চাঁদে যাওয়া, গ্রহ অনুসন্ধান কিংবা নভোচারীদের অভিযান। কিন্তু বর্তমান বিশ্বে মহাকাশ প্রযুক্তি আর কেবল মহাকাশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পৃথিবীর অর্থনীতি, জলবায়ু, যোগাযোগ, স্বাস্থ্যব্যবস্থা, কৃষি, নিরাপত্তা ও প্রযুক্তিগত অবকাঠামোর অন্যতম ভিত্তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ প্রযুক্তি এখন নতুন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতের পৃথিবীকে আমূল বদলে দিতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষক ও প্রযুক্তি বিশ্লেষকেরা “মহাকাশ প্রযুক্তির সমন্বিত বিপ্লব” নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, জলবায়ুবিজ্ঞান, শক্তি প্রযুক্তি, জীবপ্রযুক্তি ও রোবটিক্স–সবকিছু এখন মহাকাশ প্রযুক্তির সঙ্গে একীভূত হতে শুরু করেছে। এই সমন্বয় নতুন ধরনের প্রযুক্তিগত যুগের জন্ম দিচ্ছে। বর্তমানে মহাকাশ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই গভীরভাবে জড়িয়ে আছে। মোবাইল মানচিত্র ব্যবহার, আবহাওয়ার পূর্বাভাস, ব্যাংক লেনদেন, ইন্টারনেট যোগাযোগ কিংবা দুর্যোগ সতর্কবার্তা–এসবের পেছনে কাজ করছে উপগ্রহ প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে, এখন সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে তথ্য বিশ্লেষণে। আগে উপগ্রহ শুধু তথ্য সংগ্রহ করত। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত গণনাপদ্ধতির মাধ্যমে উপগ্রহ নিজেই মহাকাশে বসে তথ্য বিশ্লেষণ করতে পারছে। ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। উদাহরণ হিসেবে ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি বিশেষ উপগ্রহের কথা উল্লেখ করা হয়েছে, যা মহাকাশ থেকেই অপ্রয়োজনীয় ছবি বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্য আলাদা করতে পারে। এতে পৃথিবীতে কম তথ্য পাঠাতে হয় এবং সময়ও বাঁচে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও মহাকাশ প্রযুক্তির ভূমিকা দ্রুত বাড়ছে। বিজ্ঞানীরা এখন উপগ্রহের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ পর্যবেক্ষণ, বন ধ্বংস শনাক্ত এবং ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আগাম পূর্বাভাস দিতে পারছেন। এতে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হচ্ছে। একই সঙ্গে কোয়ান্টাম যোগাযোগ প্রযুক্তিও মহাকাশে নতুন সম্ভাবনা তৈরি করছে। চীনের “মিসিয়াস” অভিযানে মহাকাশভিত্তিক অতিসুরক্ষিত তথ্য আদান-প্রদানের সফল পরীক্ষা ইতোমধ্যে বিশ্বকে চমকে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এটি সাইবার নিরাপত্তায় বিপ্লব ঘটাতে পারে। মহাকাশে জীবপ্রযুক্তি নিয়েও চলছে গবেষণা। অতি নিম্ন মাধ্যাকর্ষণে মানবদেহের কোষ ও টিস্যুর আচরণ বিশ্লেষণ করে নতুন চিকিৎসা প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এমনকি মহাকাশে কৃত্রিম পেশি টিস্যু তৈরির পরীক্ষাও চলছে। তবে প্রযুক্তির এই দ্রুত অগ্রগতির সঙ্গে নতুন ঝুঁকিও তৈরি হচ্ছে। বর্তমানে পৃথিবীর যোগাযোগ, বিদ্যুৎ, আর্থিক ব্যবস্থা ও সামরিক নিরাপত্তার বড় অংশ উপগ্রহের ওপর নির্ভরশীল। ফলে মহাকাশে হামলা, সাইবার আক্রমণ বা মহাকাশ বর্জ্যের সমস্যা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..