দেশ দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদের দাসত্বের কবলে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সমাবেশে বক্তারা বলেছেন, দেশ আজ উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদের দাসত্বের কবলে। এরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছুকে হাতের মুঠোয় নিয়ে আর একবার অগণতান্ত্রিক শাসনের ফাঁদে ফেলতে চায়। এই অবস্থায় দেশের সচেতন মহলকে জাগ্রত থাকতে হবে এবং দেশের স্বার্থবিরোধী যে কোন পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। গত ৪ অক্টোবর সিপিবি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে মার্কিন সাম্রজ্যবাদী দাসত্বের কবল থেকে দেশকে মুক্ত করার দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনমত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নিয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে দেশের উপরে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য আরো বৃদ্ধি পাবে। যা আগামীতে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সব ধরনের স্বাধীনতা খর্ব করবে। শুধু তাই নয়, ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারে বঙ্গোপসাগরকে ঘিরে আমেরিকা এ অঞ্চলে যে আধিপত্য কায়েম করতে চাইছে সে কাজে সফল হলে বাংলাদেশকে আগামীতে প্রক্সি ওয়ার এর মধ্যে থাকতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর লাভজনক। এখানে দুর্নীতি-অব্যবস্থাপনা থাকলে, তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যন্ত্রপাতির আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি আনা এবং পরিচালনার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ আনতে হবে। কিন্তু এই পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার মধ্য দিয়ে সার্বভৌমত্ব বিরোধী অবস্থান নেওয়া যাবে না। তিনি আরো বলেন, সরকার বলে সবার আগে ও সবার জন্য বাংলাদেশ। কিন্তু জনমত উপেক্ষা করে যদি বন্দরকে বিদেশিদের হাতে দেওয়াা হয় তখন বলতে হবে সরকার মুখে যাই বলুক না কেন আসলে তার মূল লক্ষ্য হলো, সবার আগে এবং সবার জন্য আমেরিকা। সিপিবির এই নেতা দাবি করেন, নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হয় না। গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে নিজেকেই গণতান্ত্রিক সরকার প্রমাণ করতে হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের না দেওয়ার বিষয়ে দেশের অধিকাংশ মানুষ একমত থাকলেও সরকার জনগণ উপেক্ষা করে বিদেশীদের বন্দর পরিচালনার ভার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অগণতান্ত্রিক। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এছাড়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদীব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..