শিল্পকলা একাডেমিতে উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান একতা প্রতিবেদক :
ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান— স্লোগানে উদীচী ঢাকা মহানগর চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইকবালুল হক খান সভাপতি এবং রুমি দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৯ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় চতুর্দশ সম্মেলনের উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ররবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভইূঁয়া, গণসঙ্গীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।
উদ্বোধন ঘোষণার পরে উদীচী ঢাকা মহানগর সংসদের বন্ধুদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেগুনবাগিচা এবং পুরানো পল্টন এলাকা পরিভ্রমণ করে। সম্মেলনের আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার মিলনায়তনে।
আমন্ত্রিত অতিথিরা সকলেই তাদের আলাপে এদেশে সাম্প্রদায়িকতার উত্থান কীভাবে একের পরে এক সরকার পৃষ্ঠপোষকতা করে বাড়তে দিয়েছে, সে বিষয়ে আলোকপাত করেন। সংস্কৃতির বিকাশ ব্যতীত রাষ্ট্র অগ্রসর হতে পারবে না বলে তারা মত প্রকাশ করেন।
উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আরিফ নূর।
দ্বিতীয় সেশনে মহানগরের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর ৩টা থেকে। প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ইকবালুল হক খান সভাপতি এবং রুমি দে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্মেলন ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি গঠন করেছে, যার মাঝে ৪৯ জন সরাসরি এবং দুইজন সদস্য পরবর্তীতে কো-অপ্ট এর মাধ্যমে যুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটিতে তাহমিনা ইয়াসমিন নীলা, এস এ সরকার স্বপ্নন, একরাম হোসেন, আতিকুল হক খান, সুরাইয়া পারভীন, বিজন রায়, নজরুল ইসলাম, এবং আরিফ নূর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া রবিউল ইসলাম শশী, মৌমিতা জান্নাত এবং সজীব তানভীর সহ-সাধারণ সম্পাদক, শেখ ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল অধিবেশন শেষ হবার পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌমিতা জান্নাতের সঞ্চালনায় এই পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে উদীচী উত্তরা শাখা, দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী আবৃত্তি বিভাগ, সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতের দল মাভৈ। একক সঙ্গীত পরিবেশন করেন মাইশা সুলতানা উর্বি, রবিউল ইসলাম শশী, শুভ্র সৌরভ, আবৃত্তি করেন সজীব তানভীর। নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে সম্মেলন সমাপ্ত হয়।