চট্টগ্রামে ছাত্র-যুবদের মশাল মিছিল

এনসিটি ইজারা সরকারের আত্মঘাতী ও দাসত্বমূলক সিদ্ধান্ত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ‘আত্মঘাতী ও দাসত্বমূলক’ বলে মন্তব্য করেন তারা। গত ২ অক্টোবর সন্ধ্যায় নগরের সিনেমা প্যালেস হতে আন্দরকিল্লা পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রতিবাদী মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন জেলা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন জেলার কোষাধ্যক্ষ ঋশু সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শুভ দেব নাথ, সহকারী সম্পাদক দীপ্ত নূর, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, কোতোয়ালি থানার সভাপতি নাবিলা তাজিন ও সাংগঠনিক সম্পাদক রনি কান্তি দেব। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির লাইফলাইন এবং সার্বভৌমত্বের প্রতীক। পিপিপি বা উন্নয়নের চটকদার স্লোগান দিয়ে দেশের প্রধান কৌশলগত অর্থনৈতিক সম্পদ বিদেশি লুটেরা বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার এই সিদ্ধান্ত চরম গণবিরোধী এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। বক্তারা আরও বলেন, বিগত দিনে মোংলা বন্দর ও পতেঙ্গা টার্মিনাল ইজারা দেওয়ার পর এবার দেশের প্রধান বন্দরের হৃদপিণ্ড হিসেবে পরিচিত এনসিটি-কে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। ডিপি ওয়ার্ল্ডের মতো বিতর্কিত ও লুটেরা কর্পোরেটের স্বার্থরক্ষা করতে গিয়ে দেশের হাজার হাজার বন্দর শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে, রাজস্ব আয় হুমকির মুখে ফেলা হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। বিদেশি লর্ড ও কর্পোরেট প্রভুদের সন্তুষ্ট করতে দেশের স্বনির্ভর অর্থনীতিকে পঙ্গু করার এই সুগভীর চক্রান্ত দেশপ্রেমিক ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। বক্তারা স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশপ্রেমিক ছাত্র-জনতা ও বন্দর শ্রমিকদের রক্তে গড়া এই বন্দরকে কোনো অবস্থাতেই বিদেশি বেনিয়া ও সাম্রাজ্যবাদী শক্তির চারণভূমিতে পরিণত হতে দেওয়া হবে না। এসময় তারা চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে ছাত্র-যুব-জনতা রাজপথে থাকবে বলে জানায়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..