শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প শক্তি গড়ে তুলুন

‘মিট দ্য কমরেডস’-এ ক্বাফী রতন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বগুড়া সদরে ‘মিট দ্য কমরেডস’ সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন
বগুড়া সংবাদদাতা : শোষণ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও সরকার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। সিপিবি কেন্দ্রীয় কমিটি ঘোষিত পার্টির সব পর্যায়ের সদস্যদের রাজনৈতিক ও সাংগঠনিক করণীয় কর্মসূচি ‘মিট দ্য কমরেডস’ এর অংশ হিসেবে গত ১৫ মে বগুড়া সদর উপজেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সভায় ক্বাফী রতন বলেন, সরকারের ব্যর্থতার কারণে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় চার শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার হামের টিকা ক্রয় করতে ব্যর্থতার কারণে এই মৃত্যু, এই মৃত্যুর দায় বর্তমান সরকারকে নিতে হবে। দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, দেশ আজ এক সংকটের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। মানুষ হতাশগ্রস্থ হয়ে পড়ছে, কলকারখানা বন্ধ হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অসম ও গোলামীর বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি, কৃষি, বাণিজ্য ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ধ্বংস এবং হুমকির মুখে পড়েছে। এই দেশ বিরোধী ও গোলামীর চুক্তি বাতিল করতে হবে। বগুড়ার সাতমাথায় উদীচী কার্যালয়ে সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অখিল পাল’র সঞ্চালনায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এ সময়ে যাঁরা মৃত্যুবরণ করেছেন পার্টির নেতাকর্মী, প্রগতিশীল বিভিন্ন শেণি পেশার ব্যক্তিবর্গ ও হামে আক্রান্ত চার শতাধিক শিশু মৃত্যুতে শোক প্রকাশ ও মৃত্যুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির মো. আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, ফারহানা আক্তার শাপলা, ফিরোজ আকতার পলাশ, সাহিদুর রহমান বিপ্লব, সাইদুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম হিরু, আরিফুল হক খান রনিক, নাজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, সাব্বির আহমেদ রাজ প্রমুখ। নোয়াখালী : নোয়াখালী কবির হাট উপজেলার নতুন শাহাজীর হাট শাখার সভা ও মিট দ্যা কমরেডস গত ১৪ মে মতিলাল ভৌমিকের সভাপতিত্বে এবং কৃষক নেতা নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এছাড়াও, ১৫ মে সেনবাগ উপজেলা কমিটির সভা আবু নাছের জ্যাকিরের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক পবিত্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিকি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নিমাই গাঙ্গুলী, কন্ট্রোল কমিশনের সদস্য আবদুল কাদের ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অজয় কুমার আচার্য। ডেমরা : কেন্দ্র ঘোষিত “মিট দ্যা কমরেডস” কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ মে বিকালে হেলাল উদ্দিনের সভাপতিত্বে ডেমরা থানা শাখার “মিট দ্যা কমরেডস” সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় চা শ্রমিক নেতা এস এম শুভ কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে ত্রয়োদশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী বর্তমান সময়ের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর ও ডেমরা থানা শাখার সম্পাদক মোহাম্মদ গোফরান। মুন্সিগঞ্জ : বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে নয়া যুক্তফ্রন্ট গড়, শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ মে সিপিবি মুন্সীগঞ্জ সদর উপজেলা কমিটির “মিট দ্য কমরেডস” সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান। সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী নাসিমের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সংগঠক ও জেলা কমিটির সভাপতি শ. ম. কামাল হোসেন, জেলা কমিটির সাবেক সভাপতি হামিদা খাতুন প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..