সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচার করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে সিপিবি
একতা প্রতিবেদক : হামে শিশুদের মৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির নেতৃবৃন্দ বলছেন, হাম সারাদেশে মহামারী পর্যায়ে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্যমতে ইতিমধ্যে হামে ৫০ হাজার শিশু আক্রান্ত হয়েছে, ৪৩৫ জনের বেশি শিশু মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি। সিপিবির নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনায় গড়িমসি করায় এবং শিশুদের টিকার আওতায় নিয়ে আসার ব্যর্থতার জন্যই এই হৃদয়বিদারক বিপর্যয় ঘটেছে। তাই সরকার ও প্রশাসনের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত ১৪ মে বিকাল ৫টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলার সভাপতি সুকান্ত সফি চৌধুরী কমল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম। সমাবেশে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, হামের বিপর্যয় ঠেকাতে সরকার তড়িৎ গতিতে যে ধরনের উদ্যোগ নেয়ার কথা ছিল, তা নিতে তারা ব্যর্থ হয়েছে। এখনও দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম আর শহরের মধ্যে টিকা প্রদানের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, বিশেষভাবে আইসিইউ সেবা কার্যক্রমসহ নানান উদ্যোগের ঘাটতি আছে। তিনি বলেন, অবিলম্বে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের অবহেলায় মৃত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সময়মতো টিকা না ক্রয় করে অন্তর্বর্তীকালীন সরকার সীমাহীন অবহেলা প্রদর্শন করেছে। তাদের এই অবহেলায় শিশুমৃত্যু শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তৎকালীন সরকার ও প্রশাসনের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবহেলা করে অপরাধ করেছে, কিন্তু বর্তমান সরকারের তিন মাসে মৃত্যু রোধ করতে না পারাও উদাসীনতার শামিল। তাই অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণ করে অনাকাক্সিক্ষত মৃত্যুর মিছিল থামাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..