‘সততা’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : রাজনীতিতে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মী-ক্যাডার, দখল টেন্ডারবাজি আর চাঁদাবাজির নানা খবর শোনা যায়। সব শুধু নেতিবাচক খবর। সেসব খবর পেলেই গণমাধ্যম ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সততার খবর, ইতিবাচক খবর নিয়ে কেউ মাতামাতি করে না। সেসব খবর নিয়ে কেউ কিছু বলে না। যেমন, পিরোজপুরের নেছারাবাদের ছাত্রদল নেতা নাদিম মাহমুদ, তিনি বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেহের পুষ্টির ঘাটতি মেটাতে তিনি মাত্র ৩০ প্যাকেট দুধ চুরি করেছিলেন। তা নিয়ে সবার মাতামাতি। কিন্তু তিনি যে সততার সঙ্গে চুরির কথা স্বীকার করে ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়েছেন তা নিয়ে কেউ কিছু বলছে না। ঘটনার সূত্রপাত গত ২৫ সেপ্টেম্বর। বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচি-কাঁচাদের পুষ্টি বাড়াতে বরাদ্দ এসেছিল সুস্বাদু দুধের প্যাকেট। কিন্তু স্কুল ফিডিং কর্মসূচির সেই দুধ শিশুদের পেটে পৌঁছানোর আগেই লাপাত্তা হয়ে যায় ৩০ প্যাকেট। ৩০ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। পরে নাদিম মাহমুদ তার দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি হওয়া ৩০ প্যাকেট দুধের ২৭ প্যাকেটেই ৩০ সেপ্টেম্বর ফেরত দেন এবং দুধ সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, রাজনৈতিক সততা এখনো একেবারে বিলুপ্ত হয়নি! কিন্তু তার এই সততার কেউ দাম দিল না। উল্টা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দেশে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কতকিছু খেয়ে হজম করে ফেলছেন তাতে কারো কিছু হচ্ছে না। আর মাত্র তিন প্যাকেট দুধের তাকে পদ হারাতে হল, ভাবা যায়!

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..