রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সবাইকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ একতা প্রতিবেদক :
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সবাইকে (গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, কন্যা ও পুত্র) গত ২১ আগস্ট ভোরবেলা নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা কমিটি।
গত ২৩ আগস্ট সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন এবং সাধারণ সম্পাদক কাফি সরকার এক বিবৃতিতে বলেন, এই জঘন্য ও মর্মান্তিক হত্যাকাণ্ডে সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং এ হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার কারণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা সরব হয়ে উঠেছেন। ফলে ছিনতাই, ধর্ষণ ও খুনের মত জঘন্য অপরাধ সমাজে দিনদিন বেড়ে চলেছে। তাই সমাজকে অপরাধমুক্ত করতে হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবেই কেবল এইরকম জঘন্য অপরাধ থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।
চট্টগ্রাম: রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে খুন, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৬ আগস্ট বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের সিনেমা প্যালেস চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা।
চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, দক্ষিণ জেলার সভাপতি

অধ্যাপক কানাই লাল দাস, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলার সহসাধারণ সম্পাদক সেহাব উদ্দীন সাইফু, যুব নেতা মেহেদী মিন্টু প্রমুখ।
বক্তারা রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন,
রংপুরের এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, এটি মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপরও আঘাত। এমন নৃশংস ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা প্রভাবশালী মহলের চাপ বরদাশত করা যাবে না। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধীদের দৌরাত্ম্য বাড়বে। তাই অপরাধের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
কুমিল্লা: রংপুরে গণপতি চক্রবর্তীসহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় সিপিবি’র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চান্দিনা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সুধাংশু নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য পরেশ কর। তাছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন নারী নেত্রী সবিতা তালুকদার, ভূমিহীন সংগঠনের নেত্রী মনোয়ারা বেগম, চান্দিনা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সুফিয়া বেগম, ছাত্র ইউনিয়ন নেতা দীপ্ত দেবনাথ প্রমুখ।
বক্তারা গণপতি চক্রবর্তীসহ পুরো পরিবারকে হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার করা ও আইন-শৃঙ্গলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। নাহলে রাজপথে আবারো জোরালো আন্দোলন গড়ে তুলবে জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামসুন্নাহার খুকী, রিটন দে, রাজীব নন্দী, সুফিয়া বেগম, মনোয়ারা বেগম, আব্দুল জব্বার, মো. মাসুদ, খলিল প্রমুখ।