দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক ঃ দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে চা-শ্রমিকরা। এসময় সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে মাত্র ১৮৭ টাকা দৈনিক রোজে পরিবার নিয়ে সংসার চালানো চরম কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, জ্বালানিসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও প্রতি বছর চা-শ্রমিকদের মজুরি বাড়ে মাত্র ৮ থেকে ৯ টাকা-যা তাদের মতে শ্রমিক সমাজের সঙ্গে এক ধরনের নির্মম প্রহসন। গত দুই সপ্তাহে দেশের প্রায় দেড় শতাধিক চা-বাগানের শ্রমিকরা ৫০০ টাকা মজুরির দাবিতে রাজপথে নেমেছেন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোর কয়েক লাখ চা-শ্রমিক, ছাত্র ও যুবসমাজ একজোট হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত ৯ আগস্ট সিলেটের ২২টি বাগানের কয়েক হাজার চা-শ্রমিক, ছাত্র ও যুবনেতা মালনিছড়া চা-বাগান থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। এসময় মালনিছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও ৪-দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক জিতেন সবর, এবং চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও খাদিম চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতির যৌথ নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে কালাগুল, বুরজান, গুলনি, লাক্কাতুরা, দলদলি, তারাপুর, হিলুয়াছড়া, জাফলং, কেওছড়াসহ বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত কমিটি, সাধারণ শ্রমিক, ছাত্র-যুব এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। কুলাউরা : ৯.৩৭ টাকা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে ৫% মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে গত ১৪ আগস্ট চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে কুলাউরা উপজেলার মুরইছড়া চা-বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুরইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র-র কেন্দ্রীয় কমিটির সদস্য জয়কৃষানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাং এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনীষা ওয়াহিদ, শ্রমিকনেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক, মালতি রায় প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..