বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ঝিনাইদহ সংবাদদাতা : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। গত ২৭ জুলাই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি প্রতিস্থাপন ও ভাঙার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় ও জেলার প্রতিনিধিরা। এদিন বিকালে শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল উদ্দীন আহম্মেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল। সমাবেশে বক্তরা বলেন, যারা এই ভাস্কর্যটি ভাঙার কাজের সঙ্গে জড়িত আছেন তাদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। এই ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। একইসঙ্গে সড়ক দুর্ঘটনার কথা বলে যারা এটিকে ভাঙার মাধ্যমে স্বাধীনতার স্মারক মুছে ফেলতে চায় তারা- মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। এ সময় একইস্থানে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি করে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে, তাই তাদের উচিত মুক্তযুদ্ধের সমস্ত স্থাপনা রক্ষা করা। এ সময় বক্তারা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সম্পূর্ণ করে একইস্থানে যথাযথভাবে প্রতিস্থাপনের জোরদার দাবি জানান। আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা নেতা উদয় শংকর বিশ্বাস, বাসদ জেলা নেতা শারমিন সুলতানা ও সমাবেশে প্রারম্ভিক বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..