বেলুচিস্তান ও কাশ্মীরের জনগণের সংগ্রামের প্রতি ঢাকার সংহতি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : স্বাধীনতা ঘোষণা করা পাকিস্তানের বেলুচিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে আবারও পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম-এর সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি গৌতম শীল, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দর হায়াৎ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাঙালির স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্মম গণহত্যা চালিয়েছে, ঠিক একই কায়দায় বেলুচিস্তান এবং কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে তারা। দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত বেলুচিস্তানের মানুষকে নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে পাকিস্তান। বেলুচিস্তান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে যে ঘোষণা দিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানান বক্তারা। তারা আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বেলুচিস্তানের জনগণ। তাই তাদের স্বাধিকার আদায়ের সংগ্রামে তাদের পাশে থাকা বাংলাদেশের নৈতিক দায়িত্ব। একইসাথে, কাশ্মীরের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার এবং আপামর জনগণের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..