কাস্তে নিয়ে লড়ছেন যারা

মিরপুর ও কাফরুলে সাজেদুল হক রুবেল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ঢাকা-১৫ (মিরপুর ও কাফরুল) আসনে কাস্তে মার্কার প্রার্থী হয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আহাম্মদ সাজেদুল হক। ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ আন্দোলনের এই নেতা ডাক্তার রুবেল নামে সুপরিচিত। ১৯৭৫ সালে ঢাকায় জন্ম নেওয়া রুবেলের বাবা ডেন্টাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক ও মা লায়লা আখতার। উদয়ন উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল ও আদমজী ক্যান্টমেন্ট কলেজের ছাত্র রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে স্বতঃর্স্ফুত অংশগ্রহণের মধ্য দিয়ে রুবেলের রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি ছাত্র ইউনিয়নে যুক্ত হন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে রুবেল যুব ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, কাফরুল শাখার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ছিলেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বৃহত্তর মিরপুরের আহ্বায়ক। এছাড়া, তিনি ১৯৯৮ সালে ছাত্র বিক্ষোভে নেতৃত্ব দিতে গিয়ে, ২০০১ সালে জননিরাপত্তা আইনে, ২০০৪ সালের হরতালের মিছিল থেকে, ২০২১ সালে শেখ হাসিনার সরকারের হাতে গ্রেপ্তার হয়ে বেশ কয়েকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। কয়েকটি মিথ্যা মামলাতেও হয়রানি হয়েছেন। করোনার সময় বাড়ি-বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া রুবেল বিভিন্ন দুর্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণ, খাবার স্যালাইন-রুটি প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রুবেল ছিলেন সিপিবি ঢাকা মহানগর কমিটির সভাপতি। সেসময় প্রতিটি আন্দোলনে শুধু ঢাকা নয়, সিপিবির কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি সারাদেশের নেতাকর্মীদের মাঠে নামাতে নিরলস কাজ করেছেন। বাংলাদেশের ছাত্র-যুব-শ্রমিক আন্দোলনের প্রতিনিধি হিসেব তিনি বেশ কয়েকটি দেশের নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি ২০১৮ সালে একই আসনে সংসদ সদস্য প্রার্থী এবং ২০২০ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..