মনে মনে ভাবা বিষয়টির বিজ্ঞাপনই কেন সামনে আসে?

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রযুক্তি ডেস্ক : অনলাইনে কোনো বিষয় নিয়ে ভাবছেন, কিন্তু কাউকে বলেননি কিংবা ইন্টারনেটে খোঁজও করেননি-তারপরও হঠাৎ সেই বিষয়সংক্রান্ত বিজ্ঞাপন সামনে চলে এসেছে। এমন অভিজ্ঞতা অনেক ব্যবহারকারীরই রয়েছে। বিষয়টি দেখে অনেকের মনে হতে পারে, স্মার্টফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম বুঝি মানুষের মনের কথাও জেনে ফেলছে। বাস্তবে এর পেছনে রয়েছে ব্যবহারকারীর বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং অ্যালগরিদমের সূক্ষ¥ পূর্বাভাস। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রযুক্তি সরাসরি মানুষের চিন্তা পড়তে পারে না। তবে অনলাইনে একজন ব্যক্তি কীভাবে সময় কাটান, কোন বিষয়ে আগ্রহ দেখান এবং কী ধরনের কনটেন্টের সঙ্গে যুক্ত হন-এসব তথ্য বিশ্লেষণ করে তার সম্ভাব্য পছন্দ সম্পর্কে অত্যন্ত কাছাকাছি ধারণা তৈরি করা সম্ভব। অনলাইন আচরণ থেকেই তৈরি হয় আগ্রহের প্রোফাইল ইন্টারনেট ব্যবহারের সময় একজন ব্যবহারকারী কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন, কোন পোস্টে ক্লিক করছেন, কী ধরনের ভিডিও দেখছেন বা কোথায় কতক্ষণ থেমে থাকছেন-এসব তথ্য নিয়মিতভাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে জমা হয়। এমনকি কোনো ভিডিও পুরোপুরি না দেখলেও, সেটিতে কিছুক্ষণ বেশি সময় কাটানো অ্যালগরিদমের কাছে আগ্রহের একটি সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। একইভাবে কোনো ছবি, পণ্য বা পোস্টের সামনে কয়েক সেকেন্ড থেমে থাকাও ব্যবহারকারীর সম্ভাব্য আগ্রহের তালিকায় যুক্ত হতে পারে। গুগল, মেটাসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আচরণগত তথ্য ব্যবহার করে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আগ্রহভিত্তিক প্রোফাইল তৈরি করে। পরবর্তী সময়ে সেই প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। ব্যবহারকারীর আচরণও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ছাড়াও কাছাকাছি বৈশিষ্ট্যের অন্য ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন নির্বাচন করা হয়। বয়স, অবস্থান, অনলাইন অভ্যাস, পছন্দ এবং কেনাকাটার ধরন কাছাকাছি এমন মানুষদের একটি নির্দিষ্ট শ্রেণিতে রাখা হয়। বিজ্ঞাপন প্রযুক্তিতে এই পদ্ধতিকে অনেক সময় ‘লুকঅ্যালাইক অডিয়েন্স’ বলা হয়। একই ধরনের অন্য ব্যবহারকারীরা কোনো পণ্য বা সেবার প্রতি আগ্রহ দেখালে অ্যালগরিদম ধরে নিতে পারে, আপনিও সেটিতে আগ্রহী হতে পারেন। ফলে কোনো বিষয় নিজে খোঁজার আগেই সেই সম্পর্কিত বিজ্ঞাপন আপনার সামনে চলে আসতে পারে। ছোট ছোট সংকেতের ভিত্তিতে বড় সিদ্ধান্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর এমন অনেক আচরণ পর্যবেক্ষণ করে, যেগুলো তিনি নিজেও সচেতনভাবে মনে রাখেন না। কোনো পোশাকের ছবি একটু বেশি সময় দেখা, ভ্রমণবিষয়ক ভিডিও কয়েকবার চালানো কিংবা একটি নির্দিষ্ট পণ্যের রিভিউতে থেমে থাকা-এসব তথ্য একত্রে বড় ধরনের পূর্বাভাস তৈরিতে ব্যবহৃত হয়। একটি সংকেত একা খুব গুরুত্বপূর্ণ না হলেও অসংখ্য ক্ষুদ্র আচরণ মিলিয়ে অ্যালগরিদম ব্যবহারকারীর সম্ভাব্য প্রয়োজন ও আগ্রহ অনুমান করে। এ কারণেই অনেক সময় বিজ্ঞাপনটি মনের ভাবনার সঙ্গে অস্বাভাবিকভাবে মিলে যায়। অফলাইন তথ্যও প্রভাব ফেলতে পারে শুধু অনলাইন ব্রাউজিং নয়, ব্যবহারকারীর অবস্থান, অ্যাপ ব্যবহারের ধরন, নির্দিষ্ট দোকানে যাতায়াত অথবা ডিজিটাল কেনাকাটার ইতিহাসও বিজ্ঞাপন নির্বাচনে ভূমিকা রাখতে পারে। অনেক অ্যাপ ব্যবহারকারীর অনুমতির ভিত্তিতে অবস্থান এবং ডিভাইস-সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। ফলে কোনো ব্যক্তি কোথায় গেছেন, কী ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থান করেছেন কিংবা কোন এলাকায় নিয়মিত চলাচল করেন-এসব তথ্য থেকেও তার সম্ভাব্য আগ্রহ সম্পর্কে ধারণা তৈরি হতে পারে। স্মার্টফোন কি সত্যিই মানুষের কথা শোনে? এ ধরনের বিজ্ঞাপন দেখার পর অনেক ব্যবহারকারী মনে করেন, ফোনের মাইক্রোফোন ব্যবহার করে তাদের কথোপকথন গোপনে শোনা হচ্ছে। তবে সাধারণভাবে বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্যে স্মার্টফোন নিয়মিতভাবে মানুষের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করছে-এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, মানুষের কথা গোপনে শোনার প্রয়োজন ছাড়াই বর্তমান ডেটা বিশ্লেষণ ব্যবস্থা এতটা উন্নত হয়েছে যে, অনলাইন আচরণের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে চিন্তা বা সম্ভাব্য প্রয়োজনের কাছাকাছি বিজ্ঞাপন দেখানো সম্ভব। কাকতালীয় নয়, ডেটানির্ভর পূর্বাভাস ব্যবহারকারীর সামনে মনের সঙ্গে মিলে যাওয়া বিজ্ঞাপন চলে আসার ঘটনা সব সময় নিছক কাকতালীয় নয়। দীর্ঘদিন ধরে জমা হওয়া অনলাইন কার্যক্রম, অবস্থান, আগ্রহ, একই ধরনের মানুষের আচরণ এবং ক্ষুদ্র ডিজিটাল সংকেত একত্রে বিশ্লেষণ করেই বিজ্ঞাপন নির্বাচন করা হয়। ডিজিটাল যুগে একজন ব্যবহারকারী যা সার্চ করেন, তার পাশাপাশি কোথায় থামেন, কী এড়িয়ে যান এবং কোন কনটেন্টে বেশি সময় দেন-সবকিছুই মূল্যবান তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাই আমরা মুখে কিছু না বললেও আমাদের অনলাইন আচরণই অনেক সময় আগ্রহের বিষয়ে বিস্তারিত ধারণা দিয়ে দেয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..