রেশন, পেনশন ও কাজের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি ডা. ফজলুর রহমান
একতা প্রতিবেদক : ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের জন্য অবিলম্বে রেশন, ষাটোর্ধ্ব মজুরদের পেনশন চালু, সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি করেছেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা। গত ১৪ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে চাল-ডালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। গ্রামে কাজ না থাকায় তারা শহরে ছুটে বেড়ায় কাজের আশায়। তবুও তাদের অভাব পুরোয় না। তাই নেতৃবৃন্দ ক্ষেতমজুরসহ সকল দরিদ্র মানুষের জন্য রেশনিং চালু করে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্যপণ্য সরবরাহের দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু শুরুর আগেই তা নিয়ে বিভিন্ন জায়গায় দলীয়করণের অভিযোগ আসছে। অতীতেও বিভিন্ন গ্রামীণ প্রকল্প ও কর্মসূচির বরাদ্দে অনিয়ম-দুর্নীতির ফলে সাধারণ মানুষ এসব বরাদ্দের বড় অংশ থেকে বঞ্চিত হতো। ভবিষ্যতে যাতে এসব গ্রামীণ সাধারণ মানুষের বরাদ্দ লুটপাট না হয় তার দিকে বিশেষ নজর রাখার জন্য সরকারের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি এসব বরাদ্দ যাতে সাধারণ মানুষের হাতে পৌঁছায় তা নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ক্ষেতমজুররা সারা বছর ক্ষেতে কাজ পান না। ফলে তারা রিকশা-ভ্যান চালানো, ইটভাটার কাজ, ভবন-সড়ক নির্মাণে শ্রমিকের কাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যান। নেতৃবৃন্দ বলেন, এসব কাজের আশায় এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করার সময় ক্ষেতমজুরসহ-গ্রামীণ মজুররা অনেক সময় সড়ক দুর্ঘটনায় ও কর্মস্থলে মৃত্যুবরণ করেন, মারাত্নক আহত হন। ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রতিবছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। কিন্তু বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় কার্যকর কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এসব নিহত-আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন এসব নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। নেতৃবৃন্দ কর্মসৃজন কর্মসূচি পুনরায় সকল উপজেলায় চালু ও মজুরি বৃদ্ধি করা, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জামানতে মাসিক দশ হাজার টাকা পেনশন প্রদান, ক্ষেতমজুরসহ গ্রামের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সন্তানের পড়াশোনার নিশ্চয়তার দাবি করেন। সমাবেশে নেতৃবৃন্দ হাওর, বাঁওড়, খাস জলাশয় সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইজারামুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার সুযোগ সৃষ্টি করে দেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..