চুনারুঘাটের চন্দনা খাল এখন ময়লার ভাগাড়

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর সংলগ্ন চন্দনা খালটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। দখল আর দূষণে এক সময়ের স্রোতস্বিনী এই খালটি এখন পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে। এর ফলে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের পাশের ৮-১০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে চন্দনা এলাকায় খালের প্রবেশমুখে স্থানীয় বাসাবাড়ি ও দোকানের মালিকেরা অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া খালের দুই পাশ দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তোলার অভিযোগ উঠেছে। খালের অধিকাংশ জায়গা এখন কচুরিপানা ও শহরের বর্জ্যে ঠাসা। স্থানীয় বাসিন্দা মোজাফফর আহমদ জানান, খালের দুই পাশের বাসাবাড়ি ও পৌরসভার যাবতীয় ময়লা-আবর্জনা এখানেই ফেলা হয়। যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় খালটি এখন মৃতপ্রায়। অথচ একসময় এই খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত এবং শহরের মানুষ এই খালের পানি ব্যবহার করতেন। এলাকাবাসী বলছেন, উপজেলার পূর্বদিকের অন্তত ১০টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল এই চন্দনা খাল। এখন এটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নামতে পারে না। ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ফসলি জমি নষ্ট হচ্ছে এবং জনভোগান্তি চরমে পৌঁছেছে। তাঁরা অবিলম্বে খালটি দখলমুক্ত ও খনন করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গালিব চৌধুরী বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে চন্দনা খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুতই খালটি দখলমুক্ত ও সংস্কারের কাজ শুরু করা হবে।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..