
বগুড়া সংবাদদাতা :
বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ভবানীপুর ইউনিয়ন পরিষদের গেট, বিশ্বা বাজার এবং ঘোগা বটতলায় পৃথক-পৃথকভাবে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা।
এ সময় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী শিপন কুমার রবিদাস, সিপিবি জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, বাংলাদেশ কৃষক সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি জেলা শাখার সদস্য শাহজাহান আলী শাজা, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিআরএম) জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুব্রত দাস, ক্ষেতমজুর নেতা মিজানুর রহমান, নুর ইসলাম, শফিকুল ইসলাম, ভূমিহীন নেত্রী আসমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ দিনে ৩ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ঘোগা বটতলায় নিহত হয়েছেন। এছাড়াও বিগত সময়ে অনেকেই এখানে প্রাণ হারিয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের জনবহুল এই স্থানে ফুটওভার ব্রীজের দাবিতে ইতিপূর্বে গণস্বাক্ষরসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বিষয়টি খুব দুঃখজনক।