শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবি উদীচীর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : শিশুর নিরাপত্তাকে রাষ্টকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এমন দাবি জানিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ। দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে গত ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে সংগঠনটি। উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি বিমল মজুমদার-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শংকর আচার্য, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু। সমাবেশে বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। অথচ বাংলাদেশে শিশুরাই সবচেয়ে বেশি নিরাপদ। শিশুরা নিখোঁজ হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে, অপহরণের শিকার হচ্ছে, এমনকি হত্যাকাণ্ডেরও শিকার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে হামের মতো প্রায় ভুলে যাওয়া রোগে প্রায় ১১০০ শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু, এতকিছুর পরও শিশুদের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বড় করে তুলতে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই মন্তব্য করে তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা এবং খেলাধুলা বাধ্যতামূলক করার দাবি জানান। একইসাথে শিশুর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেও বলেও দাবি জানান তারা। সমাবেশে সম্মেলক সঙ্গীত পরিবেশন করে খেলাঘরের শিশুরা। এছাড়া, একক সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায় ও অবিনাশ বাউল। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর বাচিক শিল্পী মনীষা মজুমদার ও শাহিদা ফাল্গুনী। সংস্কৃতির শক্তিকে সঙ্গে নিয়ে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজের দাবিতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় উদীচী। প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শিখা সেন গুপ্তা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..