জার্মানিজুড়ে উগ্র ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে কট্টর বর্ণবাদী ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-এর সাফল্যের পর জার্মানিজুড়ে প্রতিবাদের ঢেউ শুরু হয়েছে। দেশটির ২৯টি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে মোট ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জার্মানির টাজ পত্রিকা জানিয়েছে। সম্প্রতি সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় হামবুর্গে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ চরম ডানপন্থী, অভিবাসী ও বর্ণবাদী দলটির বিরুদ্ধে রাস্তায় নামেন। ডুসেলডর্ফে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১৮ হাজার। তবে আয়োজকদের দাবি, রাজধানীর রাস্তায় উপস্থিত ছিলেন প্রায় ৩২ হাজার মানুষ। ৬ সেপ্টেম্বর সাক্সনি-আনহাল্টের রাজ্য পার্লামেন্ট নির্বাচনের পর গত এক সপ্তাহে জার্মানির বিভিন্ন শহরে ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি দলটির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা ইতিমধ্যে অন্তত ১ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। অন্য একটি হিসাবে এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের বেশি। জার্মানির বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ছোট শহর ও জনপদে। এসব বিক্ষোভে কয়েকশ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। অন্তত পাঁচটি বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। এর অধিকাংশই অনুষ্ঠিত হয় শনিবার। ‘প্রুফ’ নামের প্রতিবাদ কর্মসূচির সবচেয়ে বড় সমাবেশটি হয় মিউনিখে। সেখানে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। মাইনৎস, জারব্রুকেনসহ আরও কয়েকটি শহরেও হাজার হাজার মানুষ এএফডি দল ও চরম ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ করেন। ‘প্রুফ’ আন্দোলনের অন্যতম দাবি হলো—জার্মানির সংবিধান রক্ষাকারী কর্তৃপক্ষ যেসব রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করছে এবং যাদের ‘সন্দেহভাজন’ বা ‘নিশ্চিত চরম ডানপন্থী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সাংবিধানিক অবস্থান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া। এ দাবিতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিক্ষোভের ডাক দেওয়া হচ্ছে। এদিকে হামবুর্গে ২৫ হাজার মানুষের ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল, ‘এখনই পদক্ষেপ নেওয়ার সময়—স্বাধীনতাকে রক্ষা করতে হবে’-এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্র দিয়ে মিছিল করেন। আয়োজকদের হিসাবে, বিক্ষোভে সর্বোচ্চ সময়ে প্রায় ২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে বিক্ষোভকারীরা হামবুর্গের শহরকেন্দ্র ঘুরে বিনেনআলস্টারের চারপাশ দিয়ে মিছিল করেন। মিছিলটি এএফডি দলটির স্থানীয় কার্যালয়ের সামনে দিয়েও যায়। হামবুর্গের এই বিক্ষোভ সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনের পর দ্বিতীয় বিক্ষোভ। এর আগের রবিবারও হামবুর্গের শহরকেন্দ্রে প্রায় দেড় হাজার মানুষ ডানপন্থী প্রবণতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..