ঢাবি ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর ছাত্রদল কর্মীদের হামলার ঘটনায় চিকিৎসাধীন সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারএকতা প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে হামলায় আহত ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ভাস্কর শিমুল কুম্ভকারসহ সকলের সুচিকিৎসা নিশ্চিত করা এবং হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সিপিবি।
গত ২০ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, ১৯ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের কতিপয় কর্মী ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর যে হামলা চালিয়েছে, তা নিন্দনীয় ও উদ্বেগজনক। শিক্ষাঙ্গনে নারীর মর্যাদা ও নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো শিক্ষার্থী কিংবা ছাত্র সংগঠনের নেতাকর্মীকে হামলার শিকার হতে হবে, এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
নেতৃবৃন্দ বলেন, হামলায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ভাস্কর শিমুল কুম্ভকার চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অন্তু অরিন্দমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সিপিবি নেতৃবৃন্দ বলেন, ঘটনার পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন এবং প্রক্টরের কার্যালয়ের সামনে অবস্থান নেন। গভীর রাতে প্রক্টরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবস্থান প্রত্যাহার করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব কেবল আশ্বাস দেওয়া নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে দখলদারিত্ব, ভয়ভীতি বা পেশিশক্তি প্রদর্শনের সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও হয়রানির অভিযোগও যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিপিবি নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি অবিলম্বে হামলার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।