পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দুত্ববাদী সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
একতা প্রতিবেদক:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের অব্যবহিত পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দল, বামপন্থি সংগঠন, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ভিন্নমতাবলম্বীদের উপর ধারাবাহিক হামলা, ভাঙচুর, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানি চালানোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের অযাচিত হস্তক্ষেপ, বিপুল সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন, ভোটার তালিকার তথাকথিত সংশোধনের নামে বিপুল সংখ্যক সাধারণ মানুষ- বিশেষত সংখ্যালঘু ও দরিদ্র জনগোষ্ঠীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, প্রশাসনিক পক্ষপাত, নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং নানা কারচুপির অভিযোগ গোটা ভারতজুড়ে ব্যাপক উদ্বেগ ও উৎকন্ঠা সৃষ্টি করেছে।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, বীরভূম, বহরমপুরসহ বিভিন্ন এলাকায় বিরোধী রাজনৈতিক দলের অফিসে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নেতা-কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। টালিগঞ্জ, কসবা, বারুইপুর, কামারহাটি, বরানগর ও বহরমপুরে বিরোধী দলীয় কার্যালয় ভাঙচুরের খবর প্রকাশিত হয়েছে।
বিশেষভাবে উদ্বেগজনক হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভেঙে ফেলার ঘটনা। বিজেপির বিজয়ের পর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেখানে হামলা চালিয়ে লেনিনের মূর্তি ভাঙচুর করে এবং সেখানে সাম্প্রদায়িক প্রতীক স্থাপনের দাবি তোলে। এই ঘটনা কেবল একটি মূর্তি ভাঙা নয়-এটি পশ্চিমবঙ্গের প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও বামপন্থী রাজনৈতিক ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। একইভাবে সাবেক মুখ্যমন্ত্রী ও বামপন্থী নেতা প্রয়াত জ্যোতি বসুর আবক্ষ মূর্তিতেও কালিমা লেপন করার মতো ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে।
এছাড়া কলকাতার নিউ মার্কেট এলাকায় গরুর মাংস বিক্রেতাদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও চরম নিন্দনীয়। এটি স্পষ্টতই সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর জীবিকা, সংস্কৃতি ও নাগরিক অধিকারের উপর হিন্দুত্ববাদী আক্রমণ। কেন্দ্রের শাসকদলের সমর্থকদের এই “বুলডোজার রাজনীতি” গণতন্ত্রের নয়, বরং উগ্র ধর্মীয় ফ্যাসিবাদী রাষ্ট্রচর্চার প্রতিফলন।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ঐতিহাসিকভাবে বহুত্ববাদী, যুক্তিবাদী, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, সুভাষ বসু, ভগৎ সিংহ, আশফাকউল্লাহসহ শ্রমিক আন্দোলন ও বামপন্থী সংগ্রামের উত্তরাধিকারবাহী এই ভূখণ্ডে বিজেপির ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক বিভাজন ও সংখ্যাগুরুবাদী হিন্দুত্ববাদ সম্পূর্ণ সাংঘর্ষিক।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী আধিপত্য প্রতিষ্ঠার এই প্রচেষ্টা শুধু ভারতের গণতন্ত্রের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ও প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতির জন্য বিপজ্জনক।
বিবৃতেতে নেতবৃন্দ তীব্র প্রতিবাদ জানান বিজেপির বিভিন্ন নেতার বাংলাদেশবিরোধী কুরুচিপূর্ণ, উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে।
তারা বলেন, প্রতিবেশী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে এ ধরনের দম্ভ, অবমাননা ও রাজনৈতিক বিদ্বেষ শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা। বাংলাদেশ কোনো শক্তির করুণা বা তত্ত্বাবধানে পরিচালিত রাষ্ট্র নয়; এটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগনের স্বাধীন স্বার্বভৌম দেশ। বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িকতা, আধিপত্যবাদ,সাম্রাজ্যবাদসহ সকল আগ্রাসনের বিরুদ্ধে অতীতেও লড়েছে, এখনও লড়বে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ।
প্রথম পাতা
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
মানবিক বিশ্ব গড়তে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার
ক্ষেতমজুররা ভিক্ষা চায় না, তারা কাজ চায়, ন্যায্য মজুরি চায়
হাওরের সমস্যা বিচিত্র ধরনের আছে সমাধানের পথও
তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে পশ্চিমবঙ্গ
‘হামে শিশুদের মৃত্যুর দায় ইউনূস ও তার সরকারের’
‘শিশু কোটা’
হাতে হাত ধরে জোর কদমে চলো এগিয়ে যাই-কমরেড
বিদ্যুতের দামবৃদ্ধির গণবিরোধী প্রস্তাব বাতিল কর : সিপিবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন