কাস্তে নিয়ে লড়ছেন যারা

ঢাকা-৮ এ ত্রিদ্বীপ সাহা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত ঢাকা-৮ আসন থেকে সিপিবির মনোনীত প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন ত্রিদ্বীপ সাহা। পেশায় ব্যবসায়ী এবং শান্তিনগরের একজন স্থায়ী বাসিন্দা তিনি। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রতনপুরে ১৯৭৮ সালে জন্ম। বাবা বিশ্বেশ্বর সাহাও (বি. সাহা) ছিলেন পেশায় ব্যবসায়ী। ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতাজী সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের একজন যোদ্ধা। সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তিনি সুপরিচিত। ত্রিদ্বীপ সাহা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার আগে ঢাকা মহানগর সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্বে ছিলেন। ছাত্রজীবন শেষে পেশাগত জীবনে যুব ইউনিয়নে যুক্ত হন। বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সভাপতি ছিলেন। ত্রিদ্বীপ সাহা ছাত্রজীবনে শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে সিপিবি’র রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যের দায়িত্বে। রাজনৈতিকভাবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া, চীন, সাইপ্রাস, ভিয়েতনাম, নেপাল মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন। রাজনৈতিক সংগঠনের বাইরেও ত্রিদ্বীপ সাহা বহু সামাজিক সংগঠন ও কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ১৯৯৮-৯৯ সেশনে অর্থনীতি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডি-৩২৮১, রোটারি ক্লাব কাকরাইলের ২০২০-২১ বর্ষে সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডি ৬৪ এর ডেপুটি কো-অর্ডিনেটরের (দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি) দায়িত্বে আছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। অর্থনীতি বিভাগসহ বিভিন্ন এলামনাই অ্যাসোসিয়েশন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সক্রিয়ভাবে সমাজকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন। ত্রিদ্বীপ সাহার মা প্রতিমা সাহা ছিলেন গৃহিণী। তার স্ত্রী রনপ্রভা সাহা পেশায় একজন স্কুল শিক্ষিকা। তাদের দুই সন্তান প্রতীতি বি সাহা ও প্রমিতি বি সাহা। চার ভাই ও তিন বোনের মধ্যে ভাইয়েরা সবাই কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। শিক্ষাজীবনে ত্রিদ্বীপ সাহা অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ফিন্যান্স মেজর নিয়ে এমবিএ করেছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..