পাহাড়ে হত্যা, খুন, ধর্ষণ ও জাতিবিদ্বেষী হামলা বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা একতা প্রতিবেদক :
খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সময়ের পাহাড়ী আদিবাসীদের শান্তিপূর্ণ আন্দোলনে সেটেলার বাঙালি ও সেনাবাহিনীর হামলা, দমন-পীড়ন, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, তিন জন পাহাড়ীকে হত্যার প্রতিবাদে এবং পাহাড়ে শান্তি স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও শাস্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নজরুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী; গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূইয়া, বাংলাদেশের সোশালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে এক পাহাড়ী কিশোরীকে র্ধষণের অভিযোগ ওঠার পর জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র জনতা। কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে হামলা সংঘটিত করে রাষ্ট্রীয় বাহিনী ও এক সংঘবদ্ধ সেটেলার সন্ত্রাসী বাহিনী। এসময় পাহাড়ী আদিবাসীদের বাড়িঘর দোকানপাটে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটলেও সন্ত্রাসী হামলাকারীদের বদলে রাতে শুরু হয় আন্দোলনকারীদেরই গ্রেপ্তার অভিযন।
নেতৃবৃন্দ আরও বলেন, খাগড়াছড়িসহ সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ-নিপীড়ন, মব সন্ত্রাস দমনে সম্পূর্ণরূপে ব্যর্থ অন্তর্র্বতী সরকার। ফ্যাসিবাদী সরকার পতনের পরও পাহাড়ী জনগোষ্ঠীর ন্যায়সঙ্গত আন্দোলনকে জাতিগত-সাম্প্রদায়িক উস্কানির বাতাবরণে জনগণের সামনে উপস্থাপিত করে আন্দোলন দমন ও পাহাড়ে অন্যায্য সেনাশাসন বলবৎ রাখার পুরোনো স্বৈরাচারী মানসিকতা থেকে ভিন্ন কোনো নিদর্শন অন্তর্র্বতী সরকার দেখাতে পারেনি। এমন কী নিহত তিন জনের দায়ও কোনভাবেই সরকার এড়াতে পারেনি।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিগত ফ্যাসিবাদী আমলের স্বরাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যেরই কার্বন কপি।
নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে খাগড়াছড়িতে আন্দোলনকারীদের উপর অব্যাহত ধরপাকড়-গ্রেপ্তার ও সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।