পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

জাতিবিদ্বেষী সন্ত্রাস বন্ধ ও খাগড়াছড়িতে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে সিপিবির বিক্ষোভ মিছিল
একতা প্রতিবেদক : আদিবাসী কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে পার্বত্য খাগড়াছড়িতে জাতিবিদ্বেষী সন্ত্রাস ও তিনজন আদিবাসী মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই দেশের পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সমাবেশে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী ও আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিসমূহের আগ্রাসী ভূরাজনৈতিক তৎপরতার কারণে লুসাই পর্বতমালাজুড়ে ক্রমাগত নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে ঐক্য ও সংহতি জোরদার করা বিশেষভাবে প্রয়োজন। তিনি বলেন, দেশের পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের অপরিহার্য শর্ত। তাই রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান বলেন, সংবাদপত্র থেকে শুরু করে সরকারি নথিপত্র সর্বত্র অদিবাসীদের পরিচয় মুছে দেয়ার চক্রান্ত চলছে। তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। সমাবেশ থেকে খাগড়াছড়ির রামসু বাজারে গত কয়েকদিনে সংঘটিত সন্ত্রাস, অগ্নিসংযোগ, এলোপাথাড়ি গুলি ও তিনজন আদিবাসী নিহতের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে মিছিল হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..