নারীর ডাকে মৈত্রী যাত্রা

গুজব ও ধর্মীয় উসকানির বিরুদ্ধে রুখে দাঁড়াও নারীসমাজ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচির সমাবেশ শেষে বিশাল মিছিল [ ছবি: রতন কুমার দাস ]
একতা প্রতিবেদক : ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি থেকে গুজব ও ধর্মীয় উসকানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত এবং গুজব ও ধর্মীয় উসকানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়। গত ১৬ মে বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়। ঘোষণাপত্র পাঠ করেন তিনজন নারী। ঘোষণাপত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, যারা আমাদের সমর্থন চায় তাদের নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত ও লৈঙ্গিক সংখ্যালঘুদের অধিকার এবং এসব জনগোষ্ঠীর পূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তাদের অবস্থান। বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত শতকরা ৩৩ ভাগ (ক্রমে জনসংখ্যার অনুপাতে) নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা চালালে তা মেনে নেওয়া হবে না। বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা, সংস্কৃতি ও ধর্মকে দমনমূলক অস্ত্রে পরিণত করার চেষ্টা প্রতিরোধ করা হবে বলে জানান উপস্থিত নারীরা। সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার চেষ্টাকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়, আমাদের সংস্কৃতি, ধর্ম ও ইতিহাস বৈচিত্র্যময় ও সংবেদনশীল। সেই বিশালতাকে উপেক্ষা করে আমরা গুটিকয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সর্বজনীন হতে দেব না। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না, মর্যাদা নিয়ে কোনো ধরনের দ্ব্যর্থকতা মেনে নেব না। আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারী বিষয়ক অবস্থান নজরদারিতে রাখব। যে ক্ষমতাকাঠামো এসব জুলুমবাজি জিইয়ে রাখে, আমরা সেই কাঠামোকে ভাঙব। ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে নারীরা হাল ছাড়বেন না বলে ঘোষণা দেওয়া হয়েছে সমাবেশ থেকে। বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয় ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। ‘সমতার দাবিতে আমরা’ স্লোগান নিয়ে চলমান এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। ঘোষণাপত্র পাঠ করা শেষে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’র একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ইন্দিরা রোড ঘুরে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিরে আসে। মিছিলটি রাজধানী উচ্চবিদ্যালয় থেকে সেচ ভবন পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘পাহাড় থেকে সমতলে/লড়াই হবে সমান তালে’, ‘লড়াই লড়াই লড়াই চাই/লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..