গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্য, লুণ্ঠন ও দমন পীড়ন রুখে দাঁড়ান
একতা প্রতিবেদক :
গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহবান জানিয়েছেন। তারা বলেন, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত রেখেই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানো সম্ভব।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যেগে গত ৫ আগস্ট বিকাল ৪.৩০ টায় তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতা বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যুক্তফ্রন্টের শীর্ষ নেতা সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদ এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পাটির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভায় বক্তারা বলেন, হাজার ছাত্র জনতার জীবন, হাজার হাজার পঙ্গুত্ব বরণ আর লাখ লাখ মানুষের অংশগ্রহণে অভ্যুত্থান সংগঠিত হলেও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর ইজারা প্রদান, সাম্প্রদায়িক হামলা, মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা, রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ এবং ছাত্র- শ্রমিক-জনতার আকাঙ্ক্ষার বিপরীতে পথ চলে জুলাই চেতনা বাস্তবায়ন করা যাবে না।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন প্রভাবিত পররাষ্ট্র নীতি বাংলাদেশকে এক জটিল বিশ্ব পরিস্থিতির মুখে ঠেলে দেবে। দেশের অভ্যন্তরে জনগণের দাবি উপেক্ষা করে এবং যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীদের পরামর্শ মেনে দেশ চালানোর জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি।
অতীতে যেমন জনগণের প্রত্যাশার সাথে প্রতারণা করা হয়েছে, ভবিষ্যতে সেই পথ অনুসরণ করলে গণ প্রতিরোধের মুখে পড়তে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক, কৃষক মেহনতি মানুষের স্বার্থকে বাদ দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে না।
বিদ্যুতের দুর্নীতি বন্ধ না করে মূল্য বৃদ্ধি, গ্যাস সঙ্কট সমাধান না করে গ্যাসের দাম বাড়ানোর পুরনো পথে না চলার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়ার দাবি জানান।
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন