সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দাবি আদিবাসীদের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : আদিবাসী দিবসকে সামনে রেখে শোষিত-বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠীর অঙ্গীকার বাস্তবায়নে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। এবারের প্রতিপাদ্য হল ‘আদিবাসী ধাত্রীদের সম্মান অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা’। এ দিবসটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার দিন নয়, এ দিন হোক বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকারের দিন। বাংলাদেশে আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সহ-সভাপতি রাখী ম্রং ও সাংগঠনিক সম্পাদক অবনীকান্ত হাজং এক বিবৃতিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবসে সকলকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের আদিবাসীরা সমতল ও পাহাড়ী এলাকায় বসবাস করেন। বাংলাদেশে রয়েছে ৪৪টি আদিবাসী জাতিগোষ্ঠী ও ৩৪টি বিভিন্ন ভাষা। ২০২৪ এ ছাত্র-জনতার ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ভেতর দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে, কিন্তুু আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি অর্জিত হয়নি ও বৈষম্যের অবসান হয়নি। নেতৃবৃন্দ বলেন, আদিবাসী জনসাধারণ সাধারণভাবে খুবই দরিদ্র, অসহায়, শোষিত, অবহেলিত ও বঞ্চিত। দূর্গম অঞ্চলে তাদের বসবাস। তাদের উপর চলছে নিপীড়ন, নির্যাতন, নিজ ভূমি থেকে উচ্ছেদ। আজ আদিবাসীরা আরও প্রান্তিক হয়ে উঠেছে। বিরাজ করছে বেকারত্ব ও চরম বৈষম্য। ভূমি, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ঐতিহ্য রক্ষায় নেই কোনো রাষ্ট্রীয় উদ্যোগ। রাজনৈতিক, সামাজিক, সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চরমভাবে অনুপস্থিত। আর্ন্তজাতিক আদিবাসী দিবসের প্রেক্ষিতে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সরকারের ও দেশবাসীর কাছে নিম্মোক্ত দাবিসমূহ বাস্তবায়নের আহবান জানাচ্ছে- ১. ২০০৭ সালে গৃহীত জাতিসংঘের আদিবাসী অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র অনুযায়ী আদিবাসীদের নিজস্ব স্বার্থে সরকার কর্তৃক আইএলও ১০৭ ও ১৬৯ অনুমোদন, অনুস্বাক্ষর ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. আদিবাসীদের সাংবিধানিক অধিকার স্বীকৃত হতে হবে এবং আদিবাসীদের ভূমি দখল ও উচ্ছেদ, গুম, খুন, দমন পীড়ন বন্ধ করতে হবে। ৩. আদিবাসীদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সামাজিক রীতিনীতি, আচার আচরণে রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. আদিবাসী সম্প্রদায় সাধারণভাবে খুবই দরিদ্র অসহায় শোষিত ও বঞ্চিত, তাদের এই শোষণ ও বঞ্চনা থেকে বের করে আনতে রাষ্ট্র্রীয় দিকনির্দেশনা, কর্মসূচি ও বাজেট অপরিহার্য। সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে হবে। ৫. আদিবাসী ইউনিয়নের ১৫ দফা কর্মসূচি বাস্তবায়নে নিজস্ব ঐক্যবদ্ধ সংগ্রাম ও আন্দোলন গড়ে তুলতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..