শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ খেলাঘরের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শিশু নিখোঁজ নিয়ে দেশের বিভিন্ন থানায় হওয়া সাধারণ ডায়েরির সংখ্যা প্রকাশের পর শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতারা। ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. কাজী মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর বলেন, সম্প্রতি ৭১ টিভির এক প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানা গেছে, গত সাত মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিপুল সংখ্যক শিশুর নিখোঁজ হওয়ার এই তথ্য অত্যন্ত উদ্বেগজনক ও ভাবিয়ে তোলার মতো। বিশেষ করে নিখোঁজ শিশুদের মধ্যে কতজন উদ্ধার হয়েছে, কতজন পরিবারের কাছে ফিরে এসেছে এবং কতজন এখনো নিখোঁজ রয়েছে— তার সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ চিত্র জনসম্মুখে না আসায় উদ্বেগ আরও বাড়ছে। নেতৃবৃন্দ বলেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা ও সুরক্ষিত পরিবেশে জীবনযাপনের অধিকার রয়েছে। কোনো শিশুর নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি পরিবারের সংকট নয়; এটি দেশের শিশু সুরক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক নিরাপত্তার জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। খেলাঘর আসরের নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিখোঁজ শিশুদের বিষয়ে দ্রুত ও কার্যকর তদন্ত, উদ্ধার কার্যক্রম জোরদার এবং নিখোঁজ শিশুদের হালনাগাদ ও সমন্বিত তথ্যভান্ডার তৈরির আহ্বান জানান। একই সঙ্গে নিখোঁজ শিশুদের প্রকৃত সংখ্যা, উদ্ধার হওয়া শিশুর সংখ্যা এবং এখনো নিখোঁজ শিশুদের বিষয়ে নিয়মিতভাবে তথ্য প্রকাশের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, শিশু পাচার, অপহরণ, নির্যাতন, শোষণ ও অন্যান্য ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা, শিশু সুরক্ষা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজকেও শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..