
একতা প্রতিবেদক :
সারা দেশে অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাস এবং হামের টিকার অভাবে শিশুমৃত্যুর প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণসংঠনের নেতাকর্মীরা।
এ কর্মসূচির অংশ হিসেবে ২২ মে বিকালে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, রেখা চৌধুরী ও ফজলুল কবির মিন্টু।
সমাবেশে মোহাম্মদ শাহআলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে আজ এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে খুন-ধর্ষণের মহোৎসব চলছে। নিজ ঘরেও নিরাপদ নয় নারী-শিশু। অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে যে মব কালচার গড়ে উঠেছিল, সেটা বিএনপি সরকারের আমলেও থামেনি। মব সন্ত্রাসে আজ জনজীবন অতিষ্ঠ। ইউনূস সরকারের ব্যর্থতায় হামের টিকার অভাবে চারশ’র বেশি মানবশিশুকে প্রাণ দিতে হয়েছে। এই মৃত্যুর মিছিল থামবে কবে আমরা জানি না। দেশকে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলার জন্য ড. ইউনূসসহ পুরো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, বিএনপি সরকারকে বলব, আপনাদের আর হানিমুন পিরিয়ড পার করার সুযোগ নেই। শক্ত হাতে দেশের হাল ধরতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে হবে। নৈরাজ্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে গণতান্ত্রিক পন্থার বদলে অসভ্য, বর্বর, ভয়ঙ্কর শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে জনমনে সংশয় তৈরি হয়েছে।
বক্তারা বলেন, বিএনপি সরকারকে দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়ে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় হতাশা ও ক্ষোভ থেকে মানুষ দ্রুত রাস্তায় নামতে বাধ্য হবে।
সূত্রাপুরের লোহারপুল মোড়ে সিপিবির বিক্ষোভ
ধর্ষণ, সহিংসতায় শিশু হত্যা ও হামে ৫ শতাধিক শিশু মৃত্যুর প্রতিবাদে সূত্রাপুরের লোহারপুল মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সূত্রাপুর থানা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।
২২ মে বিকালে সিপিবি সূত্রাপুর থানা

কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির অন্যতম নেতা জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক তনিমা নাহার সোমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রীজম ফকির প্রমুখ।
নেতৃবৃন্দ বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় এবং বিতরণ না করার কারণে পাঁচ শতাধিক শিশু হত্যার দায়ে ড. ইউনুস, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উদীচী বগুড়ার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
শিশু ধর্ষণ, হত্যা ও বলাৎকারের প্রতিবাদে এবং হামের মহামারি থেকে শিশুদের রক্ষার দাবিতে ২৩ মে বিকেল ৫টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বগুড়া জেলা সংসদের প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়ার সহ-সাধারণ সম্পাদক ও দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি আরিফুল হক খান রনিক, সিপিবি বগুড়া সদর উপজেলার সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, মৌমাছি খেলাঘর আসরের সংগঠক অখিল পাল, উদীচী বগুড়ার সংগঠন বিভাগের সম্পাদক কামরুন মুনিরা ডালিয়া, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পারভেজ প্রমুখ।
সমাবেশ থেকে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল শিশু ধর্ষণ, বলৎকার ও হত্যার ঘটনার বিচার দ্রুত সম্পন্নকরণ, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে নারী-শিশুবান্ধব সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ এবং বিচারহীনতার রেওয়াজ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচী বগুড়ার শিল্পীবৃন্দ প্রতিবাদী সংগীত পরিবেশন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিরপুরে ও ধূপখোলা মাঠে খেলাঘরের মানববন্ধন
৮ বছরের

শিশু রামিসাসহ দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে খেলাঘর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত ২২ মে সকাল সাড়ে ১০টায়, মিরপুর বিআরটিসি ডিপোর সামনে খেলাঘর ঢাকা মহানগর উত্তর মানববন্ধন কর্মসূচি পালন করে। খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রেজাউল কবীর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদক তাহজুল ইসলাম ফয়সাল, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বুলবুল আহমেদ জয়, হুমায়ুন কবির। বক্তব্য রাখেন শিক্ষক নাসিমা আক্তার, কবি ও গল্পকার জাকির হোসেন কামাল, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন প্রমুখ নেতৃবন্দ।
একই দাবিতে খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণ ২২ মে সকাল সাড়ে ১০টায়, ধূপখোলা মাঠ (বাস্কেটবল কোর্ট), গেন্ডারিয়া মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি আমিনুল রানার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর প্রফেসর মো. আবু সাঈদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মহাবুবুর রহমান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব খান, গোলাম আব্বাস, খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক জুয়েল মজুমদার ও খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাশেদ আলী নয়ন প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে খেলাঘরের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সরকারের কঠোর সমালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে মব সংস্কৃতি ও নারী-শিশু নিপীড়নের ভয়াবহ ঘটনা বারবার ঘটছে।’ সাম্প্রতিক সময়ে সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা যেভাবে বৃদ্ধি পাইছে তাতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
বক্তরা আরও বলেন, অবিলম্বে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি।
নেতৃবৃন্দ শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনার বিরোদ্ধে দেশের সাধারণ মানুষকে সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।