বন্ধ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ
Posted: 11 অক্টোবর, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লা গাবতলী টাগারপাড় এলাকায় অবস্থিত ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিমিটেড ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানা খুলে দেওয়া এবং শ্রমিক ছাঁটাই-বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকের প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
এসময় তারা সংকট সমাধানে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন। গত ৮ অক্টোবর সকালে গাবতলী টাগারপাড় এলাকায় কারখানার সামনে থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে মিছিল নিয়ে চাষাড়া হয়ে নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন ও স্মারকলিপি দিয়ে তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন।
আন্দোলনকারী শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি গাজী নূরে আলম, ইউনাইটেড অ্যাপারেলসের শ্রমিক সজিব, নূর নবী, রাজিব, বিনা, মারিয়া, জান্নাতুল লাকী প্রমুখ। বিজ্ঞপ্তি