এই অপচুক্তির জন্য তারেক রহমান
সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে
Posted: 11 অক্টোবর, 2026
একতা প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দীর্ঘ মেয়াদে দুর্নীতিপরায়ণ বিদেশি অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’ এর হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার অস্বচ্ছ চুক্তির প্রতিবাদে ঢাকায় আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ।
পুলিশের নির্বিচার হামলা ও লাঠিচার্জে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবি নেতা মনিরুজ্জামান মিলন, ছাত্র ইউনিয়ন নেতা আসিফ জামানসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
৮ অক্টোবর ২০২৬, বৃহষ্পতিবার বেলা ২টায় আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে দুর্নীতিপরায়ণ বিদেশি অপারেটরের কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল দীর্ঘ মেয়াদে ইজারা দেয়ার অস্বচ্ছ চুক্তির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, নাগরিক সংগঠন সম্মিলিত বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় সিপিবি, সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, গণতান্ত্রিক অধিকার কমিটি, গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা চুক্তি বিরোধী ব্যানার নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তির প্রতিবাদে বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গও যোগদেন।
বিক্ষোভে সিপিবি সভাপতির বক্তব্য চলাকালে আচমকা পুলিশ হামলা চালায়। প্রতিবাদী নেতাকর্মীরা পুলিশের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় পুলিশের লাঠির আঘাতে আহত অন্তত পনেরজনকে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামোর দীর্ঘমেয়াদি পরিচালনার দায়িত অস্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা নাগরিক ও রাজনৈতিক অধিকার। শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের নির্মম লাঠিচার্জ সেই অধিকারকে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন করার অপচেষ্টা।
তিনি বলেন, সরকার একদিকে জাতীয় স্বার্থ বিপন্ন করে চুক্তি করছে; অন্যদিকে নির্যাতন করে প্রতিবাদী মানুষের কণ্ঠরোধ করতে চাচ্ছে। নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল অস্বচ্ছ উপায়ে, দুর্নীতিপরায়ণ ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার মত অপকর্মের জন্য ক্ষমতাসীন সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, সরকারের কথা আর কাজে মিল খুঁজে পাওয়া যায় না। তাঁরা মুখে মুখে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলে। কিন্তু নিজস্ব বিনিয়োগে গড়ে তোলা লাভজনক নিউমুরিং টার্মিনাল কেন ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে, সেই প্রশ্নের জবাব মানুষের কাছে দিতে রাজি নয়। তাঁরা গোপনে এই অপকর্ম অগ্রসর করেছে। এখন তড়িঘড়ি করে চুক্তি স্বাক্ষর করছে।
তিনি বলেন, চুক্তির পূর্ণাঙ্গ শর্তসমূহ জনগণের সামনে প্রকাশ, চুক্তির অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবের স্বচ্ছ মূল্যায়ন এবং জাতীয় স্বার্থের বিষয়গুলোতে জনসম্মুখে ব্যাখ্যা না দেয়ার মাধ্যমে সরকার গোপনে দেশের কৌশলগত অবকাঠামো ও স্বার্থের পাশাপাশি জাতীয় নিরাপত্তাকেও বিপন্ন করছে।