জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

Posted: 04 অক্টোবর, 2026

গাইবান্ধা সংবাদদাতা : জ্বালানি তেল-ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদে, সার সরবরাহ নিশ্চতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। গত ২৬ সেপ্টেম্বর সকালের দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, কৃষকনেতা ছাদেকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী মুসা প্রমুখ। মিহির ঘোষ বলেন, একটি শিশু জন্মের পর থেকে বোঝা যায় সে দুষ্ট হবে নাকি মেধাবী হবে। বর্তমান সরকারের বয়স ৬ মাস পার হলেও এরই মধ্যে তার কার্যক্রমে বোঝা যাচ্ছে- এরা জনগণকে শান্তিতে রাখবে না। সেইসাথে বিরোধীদলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তিনি বলেন, বিরোধী দল জনগণের পক্ষে না থেকে আমেরিকা সাম্রাজ্যবাদের সাথে আছে। অন্য বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।