রাজনৈতিক কর্মকৌশলে অভিন্ন ধারণা গড়ে তোলার আহ্বান
Posted: 04 অক্টোবর, 2026
একতা প্রতিবেদক :
সারা দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) তাত্ত্বিক, রাজনৈতিক ও সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিপিবি ময়মনসিংহ বিভাগ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ) এবং সিপিবি রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ সভাদ্বয়ে জেলাস্থ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য হিসেবে-পার্টির নেতৃবৃন্দের তাত্ত্বিক ভিত্তি দৃঢ় করা, রাজনৈতিক উপলব্ধি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং পার্টির কর্মসূচি-রাজনৈতিক কর্মকৌশল সম্পর্কে অভিন্ন ধারণা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সিপিবি নেতারা।
ময়মনসিংহ : গত ২ অক্টোবর ময়মনসিংহের জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির সমন্বয়ক ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, জামালপুর জেলা কমিটির সভাপতি মোজাহারুল হক, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান রুমী, শেরপুর জেলা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম, নেত্রকোণা জেলার নেতা কোহিনূর বেগম।
প্রথম পর্বে আলোচনা করেন ময়মনসিংহ জেলা কমিটির নেতা, মার্কসবাদী তাত্ত্বিক প্রদীপ চন্দ্র কর। দ্বিতীয় পর্বে আলোচনা করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তৃতীয় পর্বে আলোচনা করেন সিপিবি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত।
চতুর্থ পর্বে আলোচনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। স্বাগতিক বক্তব্যে ময়মনসিংহ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান জুয়েল শুভেজ্ঞাজ্ঞাপন করেন।
রাজশাহী : গত ২ অক্টোবর সকালে বগুড়ায় জাতীয় সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সিপিবির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ফরিদ জাতীয় পতাকা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহসিন রেজা পার্টি পতাকা উত্তোলন করেন। এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন- সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম অধিবেশনে ‘মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি অঙ্গ’ বিষয়ে আলোচনা করেন সিপিবির কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন। পরবর্তী অধিবেশনে ‘কমিউনিস্ট ইশতেহার’ বিষয়ে আলোচনা করেন সিপিবি নেতা হাসিনুর রহমান রুশো।
প্রশিক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে ‘কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস : প্রেক্ষিত: বাংলাদেশ’ বিষয়ে আলোচনা করেন সিপিবির কেন্দ্রীয় নেতা মহসিন রেজা। এছাড়া ৩ অক্টোবর ‘কমিউনিস্ট পার্টির সাংগঠনিক রীতিনীতি ও পদ্ধতি’ বিষয়ে আলোচনা করেন সিপিবির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলী।
প্রশিক্ষণের রাজনৈতিক অধিবেশনে ‘সিপিবির রাজনীতি (রাজনৈতিক প্রস্তাব)’ এবং ‘নবায়ন প্রসঙ্গ ও অন্যান্য’ বিষয়ে আলোচনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে তাত্ত্বিক শিক্ষা, পার্টির রাজনৈতিক লাইন, কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হচ্ছে। প্রশিক্ষণের মধ্য দিয়ে রাজশাহী বিভাগের পার্টি শাখাগুলোর নেতৃবৃন্দকে আরও সক্রিয় ও সংগঠিতভাবে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।