অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

Posted: 27 সেপ্টেম্বর, 2026

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা নাহিদা বেগমের একমাত্র পুত্র অপ্রতিম হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা শাখা। গত ২০ সেপ্টেম্বর নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন প্রগতিশীল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান মিয়াজী, যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা শান্তি ভূষণ দেবনাথ, শ্রমিক নেতা হুমায়ুন কবির, বাসদ জেলা সমন্বয়ক আব্দুর রাজ্জাক, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম মেম্বার শেখ আব্দুল মান্নান, যুবনেতা মাসুদ রানা, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কাজী নূর আহম্মদ, যুব ইউনিয়নের সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অপ্রতিমের মতো একজন সম্ভাবনাময় তরুণকে হত্যা করার ঘটনা অত্যন্ত নৃশংস ও ন্যক্কারজনক। ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া গভীর উদ্বেগের বিষয়। নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।