দেশের মানুষ ভয়াবহ মূল্যস্ফীতির চাপে : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

Posted: 27 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার, অযৌক্তিকভাবে অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ, ডেঙ্গু ও হাম নির্মূলে, বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত নিরসনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতারা বলেন, সরকার জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম ২০ টাকা করে বৃদ্ধি করেছে। দেশের সাধারণ মানুষ মূল্যস্ফীতির ভয়াবহ চাপে আছে। বাংলাদেশ জাসদের জেলার সভাপতি সোলেমান দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলার সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ বর্ধিত ফোরামের সদস্য সুলতানা আক্তার, বাংলাদেশ জাসদ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, সিপিবি জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস। বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ালেও তা পাবে দেশে ১৫ লক্ষ মানুষ। সাধারণ মানুষের আয় বাড়েনি। বরং মূল্যস্ফীতির বিবেচনায় কমেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপণ্য, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। গণপরিবহণে ভাড়া বৃদ্ধির সরকারি গেজেট বের হওয়ার আগেই পরিবহনে ভাড়া বৃদ্ধি হয়েছে। প্রজ্ঞাপনের চেয়েও অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া এপ্রিলে জ্বালানির মূল্য বৃদ্ধির সময়ে সরকারি প্রজ্ঞাপনের থেকে বেশি ৫৫ টাকা ভাড়া আদায় করছে। এবারও সরকারি প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ৫ টাকা বৃদ্ধি করে ৬০ টাকা করেছে। এই স্বেচ্ছাচারিতার বিষয়ে জেলা প্রশাসন নীরব। নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের ও গণপরিবহনের ভাড়ার বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট নিরসন ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানান। তারা অভিযোগ করেন, ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ-প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর তালিকা বড় হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতিতে হত্যা-অপহরণ-ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নেতৃবৃন্দ ডেঙ্গু ও হাম নির্মূলে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেন। বগুড়া : জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যাগে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতমাথায় জেলা সমন্বয়ক সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্যসচিব দিলরুবা নুরী, সিপিবি জেলা সহকারী সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বাংলাদেশ জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখু প্রমুখ। নেতারা বলেন, সব ধরনের জ্বালানি তেলের মূল্য এক লাফে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির করা হয়েছে। আমরা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানায়। নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে গাড়ী ভাড়া তথা পণ্যপরিবহন ও যাতায়াত খরচ বাড়াবে, বিদ্যুতের দাম বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়বে। ফলে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বহুগুনে বেড়ে গিয়ে দুর্বিসহ করে তুলবে। এমনিতেই গ্যাস-বিদ্যুৎ-পানির সংকটে জনজীবন বিপর্যস্ত। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস উঠছে। সরকার এসব সমস্যার কোন কার্যকর সমাধান করতে পারছেনা। মুক্তবাজারের নিষ্ঠুর কষাঘাতে পিষ্ট সাধারণ মানুষের ওপর রাষ্ট্র আবারও চাপিয়ে দিল এক চরম জুলুমের বোঝা। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলার সভা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলা পরিচালনা পরিষদ এর সভা জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্যসচিব দিলরুবা নুরী, সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সহকারী সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বাসদ জেলা কমিটির সদস্য শ্যামল বর্মণ প্রমুখ। সভা থেকে গত ২১ সেপ্টেম্বর সংবাদপত্রে দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ সব ধরনের জ্বালানি তেলের মূল্য এক লাফে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।