আশুলিয়ায় শ্রমিক হত্যাকারী মালিকসহ দায়ীদের গ্রেপ্তার কর

Posted: 27 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক হত্যার জন্য দায়ী মালিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত শ্রমিকদের আইএলও কনভেনশন-১২১ অনুসারে ক্ষতিপূরণ-সুচিকিৎসা-পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে সংগঠনের সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন, এম. এ শাহীন, জালাল হাওলাদার, সাইফুল্লাহ আল মামুন, জাহানারা বেগম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত। নেতৃবৃন্দ বলেন, এই একই কারখানায় ২০০৯ সালে গুলি করে তিন জন শ্রমিককে হত্যা করা হয়েছিল। তখনো হত্যাকারী মালিকসহ দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনিভাবে মালিকরা হত্যাসহ যেকোন অপরাধ করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। চরম মুনাফালোভ ও বিচারহীনতার ফলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মালিকরা একেবারেই উদাসীন। সরকার ও মালিকদের উদাসীনতা ও দায়িত্বহীনতার ফলে আজও দেশের অধিকাংশ কারখানা মৃত্যূকুপই রয়ে গেছে। নেতৃবৃন্দ মালিকসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ কারখানার দাবিতে শ্রমজীবী মেহনতি এবং দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টিইউসির প্রতিবাদ আশুলিয়ায় শ্রমিক হত্যাকারী মালিক ও সরকারি-বেসরকারি দায়িত্বরতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইএলও কনভেনশন-১২১ অনুসারে ক্ষতিপূরণ-সুচিকিৎসা-পুনর্বাসন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। সম্প্রতি আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীতি গ্রুপের এস. সুহি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লি. নামক পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার বিস্ফোরণে পরিবহন শ্রমিকসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার গভীর শোক প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ড ও প্রাণহানিকে কেবল দুর্ঘটনা নয়, এটা কর্তৃপক্ষের চরম অবহেলা ও অনিয়মের ফলে সৃষ্ট ‘কাঠামোগত হত্যাকান্ড’। তিনি বলেন, গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে কারখানা প্রাঙ্গণে কাভার্ড ভ্যানে করে সিলিন্ডার এনে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহারের যে ব্যবস্থা করা হয়েছিল তা সম্পূর্ণ অবৈধ, দায়িত্বজ্ঞানহীন এবং চরম ঝুঁকিপূর্ণ। কারখানা প্রাঙ্গণে এভাবে অবৈধ গ্যাস চেম্বার পরিচালনা করে শ্রমিকদের জীবনকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। টিইউসি নিহত শ্রমিকদের পরিবারকে অবিলম্বে আইএলও কনভেনশন-১২১ অনুসারে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান। একইসাথে কারখানা প্রাঙ্গণে অবৈধভাবে সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যান এনে শ্রমিকদের জীবন ঝুঁকিতে ফেলার জন্য দায়ী কারখানা মালিক ও সংশ্লিষ্ট অবহেলাকারী কর্মকর্তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।