আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্ষম হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা শ্রেয়

Posted: 27 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : দেশের জননিরাপত্তা পরিস্থিতির চরম অবনতিতে তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি মনে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষম হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করাই শ্রেয়। কুমিল্লায় ১৩ বছর বয়সি ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে একটি মোবাইলের জন্য হত্যা, খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেনকে ভাত চুরির অপবাদ দিয়ে হত্যা, ঢাকাসহ বিভিন্ন শহরে বাসে আগুন-নাশকতার ঘটনায় ক্ষোভ জানিয়েছে সিপিবি। সিপিবি নেতৃবৃন্দ এ ঘটনাগুলোকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে আখ্যায়িত করেছে। ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের শিশু পুত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে দুর্বৃত্তরা অপহরণ ও হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে গেছে। ধারণা করা হয় তার কাছে থাকা মোবাইল চুরি করার জন্য তাকে হত্যা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে সরকারের কাছে দাবি জানান। নেতৃবৃন্দ ১৮ সেপ্টেম্বর রাতে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রথম সেমিস্টারের ছাত্র ২১ বছর বয়সি আজমুল হোসেন তারই মেসের বাসিন্দাদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নাশকতাকারীদের এই অপকর্ম থামাতে পুলিশি ব্যর্থতার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, এ সকল অপরাধমূলক কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি দাখিল হয়েছে, যাদের মধ্যে এখনও ২ হাজার ৩৮ শিশুর সন্ধান মেলেনি। গড়ে প্রতিদিন ১০ জনের বেশি শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। তাদের হত্যা, বিদেশে পাচার, নতুবা ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। যৌন নিপীড়ন-ধর্ষণের প্রকোপ সমাজে বেড়েই চলেছে। মাদ্রাসায় শিশু শিক্ষার্থীরা ধর্ষণ, বলাৎকারের শিকার হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি অতীতের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। নেতৃবৃন্দ বলেন, এসবই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নির্দেশক। আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বিকার। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরে অন্য সকল বিষয় নিয়ে অতি সক্রিয়। নেতৃবৃন্দ তার মন্ত্রণালয়ের কাজে মনোযোগী হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানান নতুবা তাকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে অপ্রতিম, আজমুল হোসেনসহ সকল হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। তারা গত কয়েক দিনে নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। সেইসাথে গত কয়েক দিন ধরে বাসে আগুন দেয়া নাশকতাকারী সন্ত্রাসীদের শনাক্ত করা ও গ্রেফতার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।