বগুড়ায় শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সমাবেশ

Posted: 13 সেপ্টেম্বর, 2026

বগুড়া সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি “শ্রমিক স্বার্থ রক্ষা দিবস” উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, পে-স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণহারে শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে এবং শ্রমিক স্বার্থে গণতান্ত্রিক শ্রম আইন অবিলম্বে কার্যকর করার দাবি জানান। বন্ধ ঘোষিত শিল্প-কলকারখানা চালু করতে এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প-কলকারখানা লুটেরাদের হাতে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকতে আহ্বান জানান। শেখ হাসিনার শাসনামলে বন্ধ ঘোষিত ১৯টি চিনিকল ও ২৪টি পাটকল অবিলম্বে চালুর দাবি জানান এবং চাকরিচ্যুত হাজার-হাজার শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।