নিয়োগের মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ছাত্র ইউনিয়নের

Posted: 13 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর লক্ষ্যে খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। প্রস্তাবিত নতুন নীতিমালায় দলীয়করণ বৃদ্ধি পাওয়ার শঙ্কার কথা জানিয়ে অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ গত ১০ সেপ্টেম্বর যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, ‘সরকারি চাকরির (১১ থেকে ২০তম গ্রেড) নিয়োগে লিখিত পরীক্ষায় নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত। লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে। এ নীতিমালা বাস্তবায়ন হলে সরকারি প্রশাসনে দলীয়করণ বৃদ্ধি পাবে। তারা বলেন, ‘অনিয়ম বন্ধের নামে এমন একটি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। অসদুপায় বন্ধে লিখিত পরীক্ষার গুরুত্ব কমানোর পরিবর্তে পরীক্ষার নিরাপত্তা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সুতরাং, মৌখিক নম্বর বাড়ানোর সরকারি যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ নেতারা আরও বলেন, ‘সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের আনুগত্যের পুরষ্কার নয়, বরং এটি জনগণের প্রতি দায়িত্ব। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যমান নিয়োগ ব্যবস্থায় কোনো ত্রুটি থাকলে জনপ্রশাসন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে। তারা আরও বলেন, ‘আমরা অবিলম্বে প্রস্তাবিত খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগ বাতিল এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ এর অন্যথায় হলে বাংলার ছাত্রসমাজ তা মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন ছাত্রনেতারা।