সিরাজগঞ্জে বাসদের সমাবেশে
হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি
Posted: 06 সেপ্টেম্বর, 2026
একতা প্রতিবেদক :
চলমান বিদ্যুৎ ও সারের সংকট নিরসনের দাবিতে বাসদ সিরাজগঞ্জের পিপুল বাড়িয়াতে আয়োজিত সমাবেশে স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
হামলায় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নবকুমার কর্মকার, জেলা কমিটির নেতা পলাশ ঘোষ, আজিজ, আবু শামাসহ ১০ জন নেতাকর্মীকে আহত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অব্যাহত বিদ্যুৎ সঙ্কট নিরসন এবং সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে বাসদ-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে সমাবেশ চলাকালে বিএনপির একদল সন্ত্রাসী হামলা চালিয়ে নবকুমার কর্মকারের মাথা এবং বুকে আঘাত করে, বাসদ এর নেতা কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। হামলায় দশজন নেতাকর্মী আহত হয়।
এক পর্যায়ে বাজারের লোকজন ঐক্যবদ্ধভাবে এই হামলা থেকে বাসদের নেতা কর্মীকে রক্ষার চেষ্টা করে এবং তাদেরও বেশ কয়েকজন আহত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ পুলিশের নিষ্ক্রিয়তার নিন্দা করে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বলেন, জনগণের সঙ্কট সমাধান না করে আন্দোলনের উপর হামলার পরিণতি ভালো হবে না। অতীতের সরকার এই পথে আন্দোলন দমন করতে চেয়েছিলেন তার ফল কি হয়েছে সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।
একই সাথে জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সংকটের সমাধান করতে হলে আন্দোলনের পথে সরকারকে বাধ্য করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।