গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক ক্বাফী রতন

Posted: 06 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : দেশের বামদলগুলির জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তিনি ১ সেপ্টেম্বর থেকে আগামী তিন মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জোটটি। সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা ক্বাফী রতন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস ও এমএসএস করেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কর্মী হিসেবে লড়াই শুরু করে ’৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করা রতন ১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। পেশাগত জীবনে ১৯৯২ সালে তিনি প্রবেশনারি অফিসার হিসেবে একটি বেসরকারি ব্যাংকে যোগদান করেন। পরে প্রায় ২২ বছরের চাকরিজীবন শেষে ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি সার্বক্ষণিক রাজনৈতিক জীবন গ্রহণ করেন। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাম-প্রগতিশীলদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বরে গঠিত হয় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এই জোটে আছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাসদ (মার্কসবাদী), বাসদ (মাহবুব), সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণফ্রন্ট, সোনার বাংলা পার্টি।