বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন কর : সিপিবি

Posted: 23 আগস্ট, 2026

ময়মনসিংহ সংবাদদাতা : তীব্র বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন করা, ডেঙ্গু ও হামে মৃত্যু রোধে দ্রুত ব্যবস্থা নেয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করা, মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সাংবাদিক রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও টাঙ্গাইলের কৃষকনেতা আবু বকর ছিদ্দিক-কে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), ময়মনসিংহ জেলা কমিটি। গত ১৬ আগস্ট বিকালে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা, দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করার, সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর জন্য দায়ীদের বিচার করার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম দেশবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিল, ৪৪টি রাস্ট্রায়ত্ত কলকারখানা ব্যক্তিমালিকানায় না দেয়ার, চট্টগ্রাম নিউমুরিংসহ লাভজনক বন্দরসমূহ বিদেশিদের ইজারা না দেয়ার দাবি জানান। সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত-এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোতাহার হোসেন, জহিরুল আমিন রুবেল। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি জেলা সম্পাদকণ্ডলীর সদস্য ও নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমীন আহমেদ জুন।