নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিপিবির অভিনন্দন
Posted: 23 আগস্ট, 2026
একতা প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ২১ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে সজ্জন ও সদালাপী ব্যক্তিত্বের অধিকারী একজন সংগ্রামী রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন। তিনি দলীয় রাজনৈতিক পরিচয় ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধান ও জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা।
সিপিবি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, আইনের শাসন ও নাগরিক অধিকার সমুন্নত রাখা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।