বাংলাদেশ জাসদ অফিস উচ্ছেদ পরিকল্পনার নিন্দা ও প্রতিবাদ
Posted: 23 আগস্ট, 2026
একতা প্রতিবেদক :
কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশ জাসদকে ৩১ অক্টোবরের মধ্যে অফিস ছেড়ে দেয়ার আকস্মিক নোটিশ প্রদানের ঘটনায় বিস্ময় প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।
গত ২০ আগস্ট সংবাদপত্রে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, শিশু কল্যাণ পরিষদ জেনে শুনেই তাদের ভবনে বাংলাদেশ জাসদসহ অনেকগুলো রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনকে অফিস হিসেবে ভাড়া দিয়েছে। তাছাড়া তাদের হল রুমটিও প্রতিদিন নানা রাজনৈতিক কর্মসূচির জন্য ভাড়া দিয়ে আসছেন। এজন্য তাদের হাসপাতালে শিশুদের চিকিৎসা কাজে কোনো অসুবিধা হয়েছে বলে পরিষদের পক্ষ থেকে বা কোনো অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে বলে আমাদের জানা নাই। ফলে শিশুদের চিকিৎসায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে যে কথা উচ্ছেদ নোটিশে উল্লেখ করা হয়েছে তা নিতান্তই একটি বানানো অজুহাত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সব থেকে উদ্বেগের বিষয় হলো পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ জাসদের অফিস উচ্ছেদের জন্য শিশু কল্যাণ পরিষদকে মৌখিকভাবে নির্দেশ দেয়ার ঘটনা।
নেতৃবৃন্দ পুলিশের এহেন অন্যায় নির্দেশ প্রদান সরকারের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের এসব কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
বিবৃতিতে শিশু কল্যাণ পরিষদকে পুলিশের প্ররোচনায় বাংলাদেশ জাসদের অফিস উচ্ছেদের অগণতান্ত্রিক পথ পরিহারের দাবি জানান এবং পুলিশকে অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো নির্বাচিত সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হওয়ার মতো বাড়াবাড়ি না করার আহ্বান জানান।
অপর এক বিবৃতিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ গত ১৯ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের উপর ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় ছাত্রীদের উত্তক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ইউনিয়ন নেতৃবৃন্দের উপর হামলা চালায়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এ ধরনের সন্ত্রাস অনভিপ্রেত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকীসরুপ। বিবৃতিতে নেতৃবৃন্দ ছাত্রনেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
ধানমন্ডিতে মব সন্ত্রাসের তীব্র নিন্দা
গত ১৫ আগস্ট ধানমন্ডিতে মব সন্ত্রাসে জনগণকে হেনস্তা ও পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
১৭ আগস্ট সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদ সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনারবাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন আল রশীদ এক যৌথ বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলের অফিসে পুলিশ দিয়ে কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘটনা বিগত ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয়।
নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশ জাসদ-এর অফিসে অনুষ্ঠান পন্ড করা এবং ধানমন্ডিতে মবের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।