রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান লিজের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

Posted: 16 আগস্ট, 2026

খুলনা সংবাদদাতা: বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল, বস্ত্রকল, খুলনা নিউজ প্রিন্ট-হার্ডবোর্ড মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ ৪৪টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমান সরকার ব্যক্তি মালিকানায় হস্তান্তর বা বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট খুলনা জেলা কমিটির ডাকে গত ১০ আগস্ট বিকাল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা এস এম চন্দনের সঞ্চালনায় সমাবেশ বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় লীজ অথবা বিক্রি নয়, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের উপর দোষ চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অথচ মিলের লোকসানের জন্য মাথাভারি প্রশাসন, ম্যানেজমেন্ট, কর্পোরেশনের কর্মকর্তা, আমলা-মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি-লুটপাট দায়ী। নেতৃবৃন্দ বলেন, গত পাঁচ-সাত বছর মিলগুলো বন্ধ রেখে যে টাকা খরচ করেছে তাহা দিয়ে মিলগুলি আধুনিকায়ন করা সম্ভব ছিল। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার মিলগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তরের সিদ্ধান্ত থেকে সরে না আসলে সারাদেশে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো। সমাবেশে বক্তব্য রাখেন জোটের নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা মহানগর সভাপতি ও দাদা ম্যাচ ফ্যাক্টরি সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আহ্বায়ক কুদরত-ই খুদা, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাসদ খুলনা জেলার সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশ জাসদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাসান, পাটকল রক্ষা আন্দোলনের খুলনা-যশোর অঞ্চলের নেতা নূরুল ইসলাম, হার্ডবোর্ড মিলের সংগ্রামী শ্রমিক নেতা জহিরুল ইসলাম জব্বার, হকার ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি সুজাউদ্দীন সেন্টু।