বাসযোগ্য ঢাকা গড়তে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও গণমুখী পরিকল্পনা
Posted: 16 আগস্ট, 2026
একতা প্রতিবেদক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির উদ্যোগে ‘সবার জন্য বাসযোগ্য, মানবিক ও নিরাপদ ঢাকা চাই’ শীর্ষক সেমিনার গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বায়ু ও শব্দদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার সংকট, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংকুচিত হওয়া এবং ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি নগরবাসীর জীবনকে অনিরাপদ করে তুলছে।
বক্তারা আরও বলেন, ঢাকার বাসযোগ্যতা হারানোর পেছনে দীর্ঘদিনের শাসনতান্ত্রিক ব্যর্থতা, রাজনৈতিক দুর্নীতি, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং অপরিকল্পিত নগরায়ণ দায়ী। রাজউক, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, পুলিশ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা ঢাকার সেবা ও অবকাঠামো নিয়ে কাজ করলেও তাদের মধ্যে কার্যকর সমন্বয় নেই।
সেমিনারে সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সেমিনার পেপার উত্থাপন করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর। এসময় সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, চর্চা সম্পাদক ও সাংবাদিক সোহরাব হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সহ-সভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান, বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত নেভি কমোডর বিপন কুমার সাহা, ভূমিকম্প বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর এ কে এম শাকিল নেওয়াজ এবং সিপিবি ঢাকা উত্তরের সাবেক সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুল হক রুবেল। সেমিনার সঞ্চালনা করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার।
বক্তারা আরও বলেন, ঢাকা আজ চরম বৈষম্যের শহরে পরিণত হয়েছে। একদিকে গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকায় আধুনিক নাগরিক সুবিধা, প্রশস্ত সড়ক, উন্নত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে; অন্যদিকে একই শহরের বস্তি ও প্রান্তিক জনগোষ্ঠী সুপেয় পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও নিরাপদ বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। একই শহরের মানুষের জীবনযাত্রায় এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকার উন্নয়ন হতে হবে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান ও ন্যায়ভিত্তিক।