ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসে গোবিন্দগঞ্জে নানা কর্মসূচি

Posted: 05 জুলাই, 2026

চেতনায় ভাস্বর রক্তাক্ত সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ বাগদা ফার্মে আদিবাসী-বাঙ্গালী ভূমি রক্ষা সংগ্রামী কমিটি দিনব্যাপি কর্মসূচি পালন করে। ৩০ জুন সকাল ১১টায় সাঁওতাল বিদ্রোহে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একটি মিছিল গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২টায় সাহেবগঞ্জ মোড়ে সাঁওতাল বিদ্রোহ দিবসের আলোচনা সভা আদিবাসী নেতা সুবল হেমব্রোমের সভাপতিত্ব এবং জাফরুল ইসলাম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. আমিনুল ফরিদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাগদা ফার্ম ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা কৃষক নতা তাজুল ইসলাম, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, আদিবাসী নেতা গণেশ মুরমু, সিপিবি নেতা যোগেশ্বর বর্মন প্রমুখ। ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুল দিবস। ১৭০ বছর আগে, ১৮৫৫-’৫৬ সালে ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের ভাগলপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ রক্তক্ষয়ী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠী এবং তাদের দোসর স্থানীয় জমিদার-জোতদার, মহাজন, ঠকবাজ ব্যবসায়ী ও অত্যাচারী পুলিশের বিরুদ্ধে শোষিত-নির্যাতিত মানুষের এ মহান বিদ্রোহ পরাধীন ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। বক্তারা ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম আদিবাসী পল্লীতে তিনজন আদিবাসী হত্যাকাণ্ড ঘটনার সুষ্ঠু বিচার ও আদিবাসীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি