‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’

Posted: 21 জুন, 2026

একতা প্রতিবেদক : বাংলার ঋতুচক্রে গ্রীষ্মের শুষ্ক ও রুক্ষ প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার করে বর্ষা। নবজাগরণ, সজীবতা ও জীবনের পুনর্সৃজনের প্রতীক এই বর্ষাকে বরণ করে নিতে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর বর্ষা উৎসবের আয়োজন করে আসছে উদীচী ঢাকা মহানগর সংসদ। এবারও “আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক” প্রতিপাদ্যকে সামনে রেখে ১ আষাঢ় (১৫ জুন) ভোর ৬:৩০টায় রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নৃত্য-গান-কবিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘বর্ষা উৎসব-১৪৩৩’। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। এছাড়াও আলোচনা করেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বর্ষা উৎসব-১৪৩৩ উদযাপন পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ। অনুষ্ঠানের বর্ষাকথন পাঠ করেন বর্ষা উৎসব-১৪৩৩ উদযাপন পরিষদের সদস্য সচিব শেখ আনিসুর রহমান। বাংলার বর্ষা, প্রকৃতি, সংস্কৃতি ও মানবিক চেতনার সম্মিলনে আয়োজিত এই উৎসবে সংগীত, আবৃত্তি, নৃত্য ও আলোচনা পর্বের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। উদ্বোধনী পরিবেশনায় পূর্ণচন্দ্র মণ্ডল ও দল পরিবেশন করেন রাগসঙ্গীত “মেঘমল্লার”। একক সঙ্গীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস, জয়া সেন গুপ্তা ও শাওন কুমার রায়। একক নৃত্য পরিবেশন করেন তর্পিতা ইসলাম অবধি। লীয় নৃত্যে অংশগ্রহণ করে ধৃতি নর্তনালয় (পরিচালনায়- ওয়ারদা রিহাব) এবং স্পন্দন (পরিচালনায়- অনিক বসু)। সমবেত সঙ্গীত পরিবেশন করে উদীচী ঢাকা মহানগর সংসদ, উদীচী কাফরুল শাখা, উদীচী বাড্ডা শাখা, উদীচী গেন্ডারিয়া শাখা এবং স্বপ্নবীনা। একক আবৃত্তি পরিবেশন করেন রেজীনা ওয়ালী লীনা ও সুবর্না আরফিন এবং বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে মুক্তধারা, সংস্কৃতি বিকাশ ও চর্চা কেন্দ্র এবং স্রোত আবৃত্তি সংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দা অনন্যা রহমান ও শিখা সেনগুপ্তা।