মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক
শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
Posted: 21 জুন, 2026
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে গ্রাম-শহরের কমরেডরা মিলিত হচ্ছেন পাশাপাশি একদিকে প্রান্তিক পর্যায়ের সমস্যাগুলি জানার সুযোগ হচ্ছে, পার্টির লড়াই-সংগ্রামের বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বাফী রতন বলেন, দেশের মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তি ও পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। সাম্য, মানবিক মর্যাদা, সামজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার এতো বছর পরও সেই চেতনা আজও বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সামাজিক বৈষম্যের কথা সামনে এনেছিল কিন্তু সংসদ নির্বাচনের পর সেই পথে সরকার হাটছে না।
তিনি বলেন, আমাদের দেশের সুদীর্ঘ ইতিহাস মনে করিয়ে দেয় কোন বুর্জোয়াগোষ্ঠী এদেশে বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করতে পারে না। ফলে বাংলাদেশে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, ব্যক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারলে মানুষের মুক্তি হবে না।
খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ এর সভাপতিত্বে ১৯ জুন বিকেল ৪:৩০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, নগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী প্রমুখ।
বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংসুক রায়, সুতপা বেদজ্ঞ, তোফাজ্জেল হোসেন, অ্যাড. হুমায়ুন কবির, প্রিতীষ মণ্ডল, মীর ওবায়দুর রহমান, শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান মুকুল, দিপু মণ্ডল, মাজারুল ইসলাম শান্ত, জাহাঙ্গীর হোসেন, সুদীপ্ত দাস প্রমুখ।
খুলনা রূপসা উপজেলা: গত ১৪ জুন রূপসা উপজেলা সাধারণ সভা বিকেল ৪টায় উপজেলা সভাপতি মাস্টার মুরারি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পার্টির সাংগঠনিকসহ দেশের উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উত্থান করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ।
আলোচনা করেন খুলন জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য সুখেন রায়।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন আব্দুল মালেক, ফরহাদ হোসেন, কৃষ্ণপদ মণ্ডল, পলাশ রায়, রাজন ফকির, বিনয় রায় প্রমুখ।
সভায় ইউনূস সরকার কর্তৃক অজ্ঞাতকারণে অত্যন্ত তড়িৎগতিতে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি করা হয়।
বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে দেশবাসী তথা আমরা আশা করেছিলাম পাটকল-চিনিকল চালুর জন্য পৃথকভাবে বরাদ্দ থাকবে। কিন্তু বন্ধকৃত পাটকল চালুর কোনো বরাদ্দ বাজেটে নেই। তা’হলে দেশবাসী কী পাটকলের অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে ? এ প্রশ্ন পাটের সাথে সংশ্লিষ্ট সকলের।
খুলনা সদর থানা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘মিট দ্যা কমরেডস’ পালন উপলক্ষে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় পর্যায় সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৫ জুন বিকাল ৬টায় সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির এক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর থানা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা কমিটি নেতা অ্যাড. প্রীতিষ কুমার মণ্ডল, গোলাম রব্বানি, আফজাল হোসেন রাজু, অ্যাড. খান আজরফ হোসেন মামুন, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
সভায় বর্তমান দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় আলোচনা এবং গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়।
খুলনার দিঘলিয়া ও ফুলতলা উপজেলা: গত ১২ জুন সকাল ১১টায় দিঘলিয়া উপজেলার সাধারণ সভা দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মাস্টার মৃণাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ প্রকৌশলী নিমাই গাঙ্গুলি।
বক্তৃতা করেন খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এ কে আজাদ, অদুদ মোল্লা, সেলিম রেজা, আনোয়ার হোসেন প্রমুখ।
এবং ১২ জুন বিকেল ৫টায় ঐ একই কর্মসূচিতে ফুলতলা উপজেলার সাধারণ সভা দলীয় কার্যালয় উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মূল আলোচনা উত্থাপন করেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ প্রকৌশলী নিমাই গাঙ্গুলি।
বক্তব্য রাখেন জেলা সভাপতি এস এ রশীদ, শেখ দিদারুল ইসলাম, খন্দকার মনিরুজ্জামান, জামাল হোসেন, প্রণব রায়, বেল্লাল হোসেন, অনিকেত চৌধুরী প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের বিশেষ শাখাসমূহ (প্রকৌশল, কৃষিবিদ, নারী, সংস্কৃতি ও পেশাজীবি শাখা) কমরেডদের নিয়ে সিপিবি ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রকৌশল শাখার সদস্য রাশেদুল হাসান রিপন, কেন্দ্রীয় বক্তব্য উপস্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার।
সভা পরিচালনা করেন সিপিবি পেশাজীবি শাখার সম্পাদক চন্দন লাহিড়ী, তাছাড়া রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রত্না সরকার, রিপন আচার্য শিশির, মিটুন দত্ত, অনির্বাণ প্রমুখ। কেন্দ্রীয় রাজনৈতিক করণীয় পাঠ করেন মনিরুজ্জামান মানিক।
চট্টগ্রাম কোতোয়ালী থানা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কোতোয়ালী থানার উদ্যোগে ১৯ জুন, শুক্রবার বিকাল ৫টায় সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, শিশু কিশোর সংগঠক রথীন সেন, শ্যামল লোধ, স্বপ্না তালুকদার, অরুণ সাহা, রাশিদুল সামির, শান্তুনু চৌধুরী, সুপ্র স্টালিন প্রমুখ।
সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ধনী-গরিব বৈষম্য কমাতে কার্যকর করনীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
এছাড়া বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সিপিবি জনগণকে সঙ্গে নিয়ে সংগঠিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি: সারা দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিট দ্যা কমরেডস কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উল্যা সোনাতলা বাজারে সাঘাটা ও বিকেল ৪টায় কালিরবাজারে ফুলছড়ি উপজেলার পার্টি কমরেডদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা দু’টিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ড. ফজলুর রহমান।
সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য তপন কুমার বর্মন, জেলা কমিটির সদস্য অশোক আগরওয়াল, শ্রমিকনেতা ফজলুর রহমান, নিবারণ চন্দ্র নিপু প্রমুখ।
ফুলছড়ি সম্পাদক রানু সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ সরকার প্রমুখ।
নরসিংদী: গত ১৪ জুন দিনব্যাপী বেলাবো উপজেলার দরিকান্দি ইউনিয়নের ভাটের চর এলাকায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নরসিংদী জেলার ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচির অংশ হিসেবে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হক।
‘মিট দ্য কমরেডস’-এর উদ্দেশ্য ও সার্বিক গুরুত্ব তুলে ধরে সাংগঠনিক এবং রাজনৈতিক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সংগঠক শ ম কামাল হোসেন।
জেলা কমিটির সভাপতি আজিমউদ্দিন মন্তু’র সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তির সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন শাখা থেকে আগত সম্পাদক ও সদস্যরা।
ময়মনসিংহ সদর: সিপিবি’র ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচিতে ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ও পরাণগঞ্জ ইউনিয়নের শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন বিকাল ৫টায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার পরাণগঞ্জের মীর কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ে ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের সিরতা শাখা এবং পরাণগঞ্জ ইউনিয়নের মীর কান্দাপাড়া, হিরণপলাশীয়া, বাঘাডোবা ও ফদিয়ারচর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিথি হিসাবে আলোচনা করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি, রাগিব আহসান মুন্না।
সভাপতিত্ব করেন সিপিবি-ময়মনসিংহ সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদা বেগম সাজু। জেলা প্রতিনিধি হিসাবে আলোচনা করেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত, জেলা কমিটির সদস্য ও জেলা কমিটি সংশ্লিষ্ট সাংস্কৃতিক শাখার সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক সম্পাদক, ক্ষেতমজুর নেতা ইসমাইল হোসেন, সিরতা শাখার সম্পাদক রঞ্জন কুমার বসাক, হিরণপলাশীয়া শাখার সম্পাদক আশরাফুল হক, শাহীন রেজা, জুলহাস উদ্দিন। সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য রোকনুজ্জামান সোহেল।
মাগুরার শালিখা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)-র মাগুরা জেলা কমিটির উদ্যোগে ১৩ জুন শালিখা উপজেলার ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের এক কক্ষে পার্টির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠিত হয়।
এদিন বেলা ১২টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা সিপিবি-ও বীরেন বিশ্বাস, সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।
আরো বক্তব্য রাখেন জেলা সদস্য হিমাংশুদেব বর্মণ, মশিউর রহমান, সুদেব চক্রবর্তী, আকবর হোসেন, প্রশান্ত বিশ্বাস এবং মণিমোহন বিশ্বাস প্রমুখ। সভায় কেন্দ্রীয় সার্কুলার পাঠ করে শোনান মশিউর রহমান।