উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

Posted: 14 জুন, 2026

একতা বিদেশ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর স্ত্রী রি সল জু বিমানবন্দরে উপস্থিত থেকে সিকে স্বাগত জানান। দেশটির সরকারি টেলিভিশনের ফুটেজে দেখা যায়, সিয়ের বিমান অবতরণের সময় কিম ও তাঁর স্ত্রী করতালি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সি চিন পিং ও তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উত্তর কোরিয়ার শিশুরা তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেয়। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে সি চিন পিংকে অভ্যর্থনা জানাতে অশ্বারোহী বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এ আয়োজনে অংশ নেওয়া বিপুলসংখ্যক মানুষ ফুল ও জাতীয় পতাকা নাড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়, ২১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক অভিবাদন জানানোর পর দুই নেতা গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় গার্ড অব অনারের সদস্যরা কোরীয় ভাষায় স্লোগান দেন, ‘কমরেড সি চিন পিংয়ের সুস্বাস্থ্য কামনা করি।’ চলতি বছরে এটিই সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর। এর কয়েক সপ্তাহ আগেই তিনি বেইজিংয়ে পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এমন সময়ে এই সফর হচ্ছে, যখন বিশ্বরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন চলছে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক কূটনীতিতে নিজেদের প্রভাবশালী মধ্যস্থতাকারী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বেইজিং। বিশ্লেষকদের মতে, এই সফর সিয়ের জন্য উত্তর কোরিয়ার সঙ্গে চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করবে। পিয়ংইয়ং পৌঁছানোর আগে সি সংবাদমাধ্যমে বলেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন ‘নতুন এক ঐতিহাসিক সূচনাবিন্দুতে’ পৌঁছেছে। সি চিন পিংয়ের এই সফর বিশেষ গুরুত্ব পাওয়ার কারণ, এটি চলতি বছরে তাঁর প্রথম বিদেশ সফর। একই সঙ্গে গত সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটি তাঁর প্রথম সফর।