কমরেড রেখা গুণের জীবনাবসান সিপিবির শোক
Posted: 07 জুন, 2026
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহরের সংস্কৃতি শাখার সদস্য, একতা খেলাঘর আসরের সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক অর্থ সম্পাদক নারী নেত্রী কমরেড রেখা গুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে সাথে দীর্ঘদিন লড়াই করে গত ২৯ মে দিবাগত রাত ১ মিনিটে আমলাপাড়া নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। নারী নেত্রী রেখা গুণেথ মৃত্যুতে জেলা সিপিবির পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।
নারী নেত্রী কমরেড রেখা গুণ এর মৃত্যুর সংবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দল, খেলাঘর, প্রগতি লেখক সংঘ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, সমমনা, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন। আমলাপাড়া আদর্শ স্কুলের সামনে সকাল ১০ টায় নারী নেত্রী রেখা গুণ এর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ মাসদাইর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ, দুলাল সাহা, জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহানারা বেগম, বিমল কান্তি দাস, শহর কমিটির সভাপতি আ. হাই শরীফ, সহ-সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, কমরেড রেখা গুণ সদা হাস্যোজ্জ্বল পরোপকারী মানুষ ছিলেন। ১৯৫৭ সালে নারায়ণগঞ্জ বন্দর থানার দাসেরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কমরেড প্রাণগোবিন্দ গুণ ছিলেন নারায়ণগঞ্জের কমিউনিস্ট আন্দোলনের প্রথম যুগের একজন নেতা। তাদের পুরো পরিবার কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ফলে শৈশব থেকেই রেখা গুণ একটা বিপ্লবী রাজনৈতিক মতাদর্শ নিয়েই বেড়ে উঠছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রথম সারির একজন সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে খেলাঘর ও মহিলা পরিষদসহ নারায়ণগঞ্জের সংস্কৃতি অঙ্গনে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট পার্টি ও মানবিক মুক্তির লড়াইয়ের সাথে ছিলেন। তার এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।